আমার পরিবার ও বাচ্চাদের, সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছি। এটি একটি সুন্দর যাত্রা ছিল যা আমি উপভোগ করেছি।

বিরাট কোহলি
শেষ আপডেট: 19 October 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি এই বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন (Virat Kohli, Test Retirement)। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জিতে লন্ডনে চলে যান। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে, কেন কোহলি লন্ডনে চলে গেলেন (Living in London), যদিও ভারতে তাঁর একটি বিলাসবহুল বাংলো আছে। লন্ডনে থাকাকালীন বিরাট, অনুষ্কা ও তাঁদের সন্তানদের ভিডিও ভাইরালও হয়।
বিরাট কোহলি বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় আছেন, যার প্রথমটি আজ পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যেই বিরাট জানিয়েছেন, কেন তিনি লন্ডনে স্থানান্তরিত হয়েছেন।
ভারতীয় ক্রিকেটার পোস্টার বয় জিও হটস্টারে বলেছেন, "আমার মনে হয় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক দিন হয়ে গিয়েছে। আমি কেবল আমার জীবনযাপন করছিলাম। অনেক বছর ধরে আমি খুব বেশি কিছু করতে পারিনি। আমার পরিবার ও বাচ্চাদের, সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছি। এটি একটি সুন্দর যাত্রা ছিল যা আমি উপভোগ করেছি।"
প্রায় সাত মাস পর টিম ইন্ডিয়ার জার্সিতে রবিবাসরীয় পার্থে নেমেছেন কোহলি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আজ প্রথমবারের মতো মাঠে নেমেছেন তিনি। তবে, তাঁর প্রত্যাবর্তন ছিল হতাশাজনক। পার্থে প্রথম ওয়ানডেতে তিনি মাত্র আটটি বল খেলেন এবং খাতা খুলতে ব্যর্থ হন।