রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখতেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য দর্শকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। এই বিশেষ মুহূর্তে তাঁদের সঙ্গে ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

হায়দরাবাদে মেসি
শেষ আপডেট: 13 December 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পারেনি, করে দেখাল হায়দরাবাদ। শনিবার দুপুরে সেখানে মেসির (Messi GOAT Tour) পৌঁছনোর পর থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখতেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য দর্শকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। এই বিশেষ মুহূর্তে তাঁদের সঙ্গে ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। তারকাদের সঙ্গে এই অনানুষ্ঠানিক ফুটবল খেলাই দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। প্রতিপক্ষ হায়দরাবাদের মুখ্যমন্ত্রী, মেসির গোল আসতেই বজ্রধ্বনির মতো করতালিতে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।
একই দিনে কলকাতায় ছবিটা ছিল একেবারেই আলাদা। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘গোট ট্যুর’-এর কলকাতা পর্ব কার্যত বিশৃঙ্খলায় পরিণত হয়। প্রচুর টাকা দিয়ে টিকিট কাটা বহু দর্শক মেসির দেখা পাননি বলে অভিযোগ ওঠে। ক্ষুব্ধ সমর্থকেরা বোতল ছুড়তে শুরু করেন এবং স্টেডিয়ামের গেট ভাঙার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে মেসিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেসি সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ যুবভারতীতে পৌঁছন এবং প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন। তাঁর স্টেডিয়ামের চারদিকে পুরো এক চক্কর দেওয়ার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে তা আর সম্ভব হয়নি। ঘটনার পর মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।
সব মিলিয়ে, মেসির ভারত সফরের একদিকে যেমন ফুটবলপ্রেমীদের স্বপ্নপূরণ হল, অন্যদিকে তেমনই অব্যবস্থা ও বিশৃঙ্খলার ছবিও সামনে এল। হায়দরাবাদে আনন্দের আবহ থাকলেও কলকাতার ঘটনায় প্রশ্ন উঠছে আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।