তদন্ত চলবে আরও কয়েক সপ্তাহ। আপাতত ফেডারেশনের নির্দেশ—সব লিগে খেলা বন্ধ রেখে ক্লাবগুলিকে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।

ছবি: গুগল
শেষ আপডেট: 12 November 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বেটিং কেলেঙ্কারিতে টালমাটাল তুরস্কের ফুটবল (Turkish Football Federation)। একযোগে ১,০২৪ জন ফুটবলারকে সাসপেন্ড করল সে দেশের ফুটবল ফেডারেশন (TFF)। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার এবং গালাতাসারাইয়ের (Galatasaray) নিয়মিত তারকা এরেন এলমালিও (Eren Elmali)।
ঘটনার কথা জানাজানি হতেই সোমবার গভীর রাতে ইনস্টাগ্রামে নিজের অবস্থান জানিয়ে পোস্ট করেন ২৫ বছর বয়সি ফুটবলার। জানান, পাঁচ বছর আগে এক ম্যাচে বাজি ধরেছিলেন ঠিকই, তবে তা তাঁর নিজের দলকে নিয়ে ছিল না। যদিও এই যুক্তি ধোপে টেকেনি। ফেডারেশনের তদন্তে নাম ওঠায় তাঁকে বিশ্বকাপ বাছাইয়ের (World Cup Qualifiers) স্পেন ও বুলগেরিয়ার বিরুদ্ধে আসন্ন ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
চলতি সিজনেই এলমালি যোগ দিয়েছেন গালাতাসারাই শিবিরে। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) নিয়মিত খেলছেন। তবে এখন এসব অতীত। তাড়া করছে বড় বিতর্ক, সেই সঙ্গে আরও বড় শাস্তির খাঁড়া নেমে আসার ভয়। ইনস্টাগ্রামে অভিযুক্ত ডিফেন্ডারের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য, ‘আমি একবার ভুল করেছি, অনেক বছর আগে। সেটা আমার নিজের দলকে নিয়ে ছিল না। কিন্তু এখন আমি তদন্তে সহযোগিতা করছি!’
ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দেশের ফুটবলে এই গড়াপেটা ও বেটিং কেলেঙ্কারির জাল অনেক গভীর। তদন্তে উঠে এসেছে একাধিক ক্লাবের খেলোয়াড়, কোচ এবং কিছু সাপোর্ট স্টাফের নামও। ইতিমধ্যেই শৃঙ্খলা কমিটি (Disciplinary Committee) কাজ শুরু করেছে এবং প্রতিটি ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি হচ্ছে।
তুরস্কে অনলাইন বেটিং (online betting) ও ম্যাচ-ফিক্সিং নিষিদ্ধ হলেও গত কয়েক বছরে বিভিন্ন নিচুতলার লিগ থেকে এমন অভিযোগ বাড়তে থাকে। এবার তার বিস্ফোরণ ঘটল বড় মাপে, জাতীয় দলের ফুটবলাররাও এতে জড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ফেডারেশনের অন্দরে। এক কর্মকর্তার মন্তব্য, ‘এটি তুরস্ক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় শৃঙ্খলাভঙ্গের তদন্ত। প্রমাণিত হলে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে!’
সব মিলিয়ে এই মুহূর্তে তুরস্কের ফুটবল কার্যত জটিল পাঁকে ডুবে। গালাতাসারাই, ফেনেরবাচে (Fenerbahçe) ও বেসিকতাসের (Beşiktaş) মতো বড় ক্লাবেও শঙ্কার ছায়া। তদন্ত চলবে আরও কয়েক সপ্তাহ। আপাতত ফেডারেশনের নির্দেশ—সব লিগে খেলা বন্ধ রেখে ক্লাবগুলিকে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।