ভারতীয় দলের কাছে থাইল্যান্ড ম্যাচ যে বেশ চ্যালেঞ্জের, তা কোচ মানোলো মার্কেজের কথাতেই স্পষ্ট। তিনি মেনে নিয়েছেন তাঁর দলের এখনও অনেক উন্নতির প্রয়োজন।

মানোলো মার্কেজ
শেষ আপডেট: 21 May 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: জিততেই যেন ভুলে গিয়েছে মেন ইন ব্লুজ। একসময় এশিয়া ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল ভারত (Indian Football)। অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন সৈয়দ আবুদল রহিমের ছাত্ররা। এখন সেই ভারত ফিফা ক্রমতালিকায় নামতে নামতে ১২৬ নম্বরে। কোচের পর কোচ বদল হয়েছে, কিন্তু ভারতীয় ফুটবলের শ্রী ফেরেনি।
এদিকে জুনের ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় আগামী ৪ জুন প্রীতি ম্যাচে (Friendly Match) থাইল্যান্ডের (Thailand) মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর ভারতের রয়েছে এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের (2027 Asian Cup Qualifying Round) ম্যাচ, ১০ জুন হংকংয়ের (Hong Kong) বিরুদ্ধে খেলবে মানোলো মার্কেজের (Manalo Marquez) শিষ্যরা। এই ম্যাচ ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হংকং ম্যাচের প্রস্তুতি হিসাবেই থাইল্যান্ডের পাতুম থানিতে প্রীতি ম্যাচ খেলবে মেন ইন ব্লুজ। এই দুই ম্যাচের প্রস্তুতি শিবির এখন চলছে কলকাতায়।
ভারতীয় দলের কাছে থাইল্যান্ড ম্যাচ যে বেশ চ্যালেঞ্জের, তা কোচ মানোলো মার্কেজের কথাতেই স্পষ্ট। তিনি মেনে নিয়েছেন তাঁর দলের এখনও অনেক উন্নতির প্রয়োজন।
ভারতীয় দলের হেডস্যার মার্কেজ বলেছেন, “আমাদের বেশ কিছু জায়গায়উন্নতি করতে হবে।” সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। শিলংয়ে অনুষ্ঠিত ওই ম্যাচ নিয়ে মার্কেজ বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম একাদশের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাইনি। তবে একে খারাপ পারফরম্যান্সের অজুহাত হিসাবে আমি খাড়া করতে চাইব না। আমাদের বুঝতে হবে যে, হংকংয়ে আমাদের জন্য একটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমাদের প্রস্তুতির সময় আছে। এই সময়ে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তিন পয়েন্ট অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য।”
গ্রুপ সি-তে রয়েছে ভারত। এই গ্রুপের অন্য দলগুলি হল সিঙ্গাপুর, হংকং ও বাংলাদেশ। চার দলেরই পয়েন্ট সমান (১)। ১০ জুন সিঙ্গাপুরও খেলবে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে। তবে ভারত জিতলে সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না তাদের। গ্রুপ যে বেশ কঠিন, তা স্বীকার করে সুনীল, শুভাশিসদের প্রধান কোচ বলেন, “বাংলাদেশ ম্যাচের আগে আমি তাদের কোচ হাভি কাব্রেরার সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছিলেন, এই গ্রুপে কেউই বলতে পারবে না কে প্রথম হবে আর কে শেষ। প্রত্যেক দলই একে অপরকে হারাতে পারে। প্রথম দিনের ফলাফলের পর আমি তাকে বলি, তুমি ঠিকই বলেছিলে। এখন চার দলেরই হাতে এক পয়েন্ট।”
মার্কেজের মতে, সি গ্রুপ এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে, কম ব্যবধানে ফল নির্ধারিত হতে পারে। তিনি বলেন, “এই গ্রুপে সব ম্যাচই কঠিন। আমি সিঙ্গাপুর বনাম হংকং-এর ম্যাচ দেখেছি। প্রথমার্ধে সিঙ্গাপুর ভাল খেলেছিল আর দ্বিতীয়ার্ধে হংকং ভাল খেলে। সমানে সমানে টক্কর হয় সেই ম্যাচে। যেমন ভারত-বাংলাদেশ খেলায় হয়েছে। তবে তার আগে আছে থাইল্যান্ডের বিরুদ্ধে রয়েছে ফ্রেন্ডলি ম্যাচ। তারাও যথেষ্ট ভাল দল এবং বাছাই পর্বের গ্রুপ ডি-তে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি ওই ম্যাচে নেবে তারা।”
বিশ্ব ক্রমতালিকায় ৯৯ নম্বরে থাকা থাইল্যান্ড ভারতের চেয়ে ২৮ ধাপ এগিয়ে। মার্চে ২০০ নম্বরে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ গোলে জয় পেলেও, কোচ মার্কেজ মনে করেন থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের ভাল প্রস্তুতি হতে চলেছে। তাঁর মতে, থাইল্যান্ডের ম্যাচটি হংকং ম্যাচের প্রস্তুতির পক্ষে ভাল হবে। প্রীতি ম্যাচ খেলতে ২৮ মে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে ভারতীয় দল।