এই সুপার ৫০০ টুর্নামেন্টে সিন্ধু এদিন হেরে গিয়েছেন ভিয়েতনামের নগুয়েন থুই লিনের কাছে ১১-২১, ২১-১৪, ১৫-২১ ব্যবধানে। প্রণয় পঞ্চম বাছাই জাপানের কেন্টা নিশিমোতোকে ১৯-২১, ২১-১৭, ২১-১৬ ব্যবধানে পরাজিত করেন।

পিভি সিন্ধু ও এইচএস প্রণয়
শেষ আপডেট: 21 May 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: একসময় তাঁকে নিয়ে স্বপ্ন দেখত আসমুদ্র হিমাচল। দেশকে দু’টি অলিম্পিক্স পদক এনে দিয়েছেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবও রয়েছে তাঁর ক্যাবিনেটে। মহিলাদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও একদা ছিল তাঁরই দখলে। দীর্ঘদিন ছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। সেই ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) এখন নিজেকে খুঁজে বেড়াচ্ছেন।
ফের ব্যর্থ পিভি সিন্ধু। মালয়েশিয়া মাস্টার্সের (Malaysia Masters) প্রথম ম্যাচেই হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ২৯ বছরের এই ভারতীয় শাটলার। এই সুপার ৫০০ টুর্নামেন্টে সিন্ধু এদিন হেরে গিয়েছেনভিয়েতনামের নগুয়েন থুই লিনের কাছে ১১-২১, ২১-১৪, ১৫-২১ ব্যবধানে। প্রথম গেমে তিনি দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষের বিরুদ্ধে। দ্বিতীয় গেমে ফিরে এসে জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরালেও নির্ণায়ক গেমে পরাস্ত হন তিনি।
তবে সিন্ধুর হারের দিনে পুরুষদের সিঙ্গলসে জয় পেয়েছেন এইচএস প্রণয় (HS Prannoy) এবং সতীশ করুনাকরণ (Satish Karunakaran)। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে প্রণয় পঞ্চম বাছাই জাপানের কেন্টা নিশিমোতোকে (Kenta Nishimoto) ১৯-২১, ২১-১৭, ২১-১৬ ব্যবধানে পরাজিত করেন। ম্যাচটিতে তুল্যমূল্য লড়াই চলে এক ঘণ্টা ২২ মিনিট ধরে। পাশাপাশি করুণাকরণ হারিয়েছেন তৃতীয় বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে মাত্র ৩৯ মিনিটে। এই ভারতীয় শাটলার জিতেছেন ২১-১৩, ২১-১৪ ব্যবধানে।
মালয়েশিয়া মাস্টার্সে মঙ্গলবারের বিপর্যয়ের পর বুধবার অবশ্য ভালই কেটেছে ভারতীয় পুরুষ শাটলারদের। মঙ্গলবার কিদাম্বি শ্রীকান্ত ছাড়া আরও কোনও পুরুষ শাটলারই জয়ের মুখ দেখেননি। তবে এদিন প্রণয় ও করুণাকরণ ছাড়াও জিতেছেন আয়ুশ শেঠিও। তিনি কানাডার ব্রায়ান ইয়াংকে ২০-২২, ২১-১০, ২১-৮ ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।