একদিকে ‘পপ কুইন’, অন্যদিকে ফুটবলের সাম্রাজ্য—দুইয়ের নান্দনিক মিলনই যেন এ বছরের বিনোদনের সবচেয়ে চর্চিত ক্রসওভার। নতুন অ্যালবামে সেই যোগ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 4 October 2025 10:40
দ্য ওয়াল ব্যুরো: তাঁর গানে কখনও এসেছেন ডিলান থমাস, কখনও প্যাটি স্মিথ। চার্টবাস্টার্স ‘লাভ স্টোরি’-তে তো খোদ রোমিও-জুলিয়েটের অনুষঙ্গও টেনেছেন টেলর সুইফট। কিন্তু তাই বলে রিয়াল মাদ্রিদ! শুক্রবার বেরোল সুইফটের বারো নম্বর স্টুডিও অ্যালবাম ‘লাইফ অফ আ শোগার্ল’। প্রত্যাশা ছিল যথারীতি আকাশচুম্বী। কিন্তু অ্যালবাম রিলিজের সঙ্গে সঙ্গে বিলবোর্ডে তুফান তোলার বদলে ফুটবল দুনিয়া কেঁপে উঠবে, সেটা ভাবেননি কেউ-ই! আট নম্বর ট্র্যাক ‘উইশ লিস্ট’-এ হঠাৎই জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সামান্যই উল্লেখ। কিন্তু ইঙ্গিত বেশ গূঢ়! তাই ফুটবল দুনিয়ায় ইতিমধ্যে দানা বেঁধেছে জোর গুঞ্জন।
‘দে ওয়ান্ট ইট অল, দে ওয়ান্ট আ কনট্র্যাক্ট উইথ রিয়াল মাদ্রিদ…’ (“they want it all, they want a contract with Real Madrid…”)—এই এক লাইনেই বিস্তর হৈচৈ। সাধারণত প্রেম, খ্যাতি, ঘরোয়া জীবনের কল্পনা—এসব নিয়েই সুইফটের গানের কথা ঘোরে। কিন্তু আলোচ্য উইশ লিস্টে ফুটে উঠেছে উচ্চাকাঙ্ক্ষার রূপক। বিশ্বসেরা ক্লাবের নাম যেন তারকাখ্যাতি আর ঐতিহ্যের প্রতীক। টেলর অবশ্য গানের বাকি অংশে বলেছেন, তাঁর আসল ইচ্ছে সাদামাটা জীবন—একটা ছোট্ট বাড়ি, ড্রাইভওয়েতে বাস্কেটবল হুপ, দুই সন্তান আর শান্তি। তবু, রিয়াল মাদ্রিদের নাম ঢুকে পড়তেই সোশ্যাল মিডিয়া সরগরম।
স্পেনের জায়ান্ট ক্লাবের পক্ষ থেকেও চটজলদি প্রতিক্রিয়া এসেছে। অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনির (Aurélien Tchouaméni) ছবি, কানে হেডফোন, ক্যাপশন—‘এখন শুনছি টেলর সুইফটের উইশ লিস্ট’ (“NOW PLAYING: @taylorswift13 - Wi$h Li$t (2025)”)! অন্যদিকে প্রতিবেশী ক্লাব আতলেতিকো মাদ্রিদও (Atlético Madrid) আসরে যোগ দিয়েছে। মশকরা করতে ছাড়েনি তারা। ৫-২-এ ডার্বি জেতার রেশ টেনে তীক্ষ্মধার পোস্ট: ‘আমাদের উইশ লিস্ট’ (“Our Wish List”),সঙ্গে দুই খেলোয়াড় মার্কোস ইয়োরেন্তে ও পাবলো বারিওসের ছবি।
অতীত বলছে, টেলর আর মাদ্রিদের সম্পর্ক একেবারে হালফিল নয়। ২০২৪-এ দ্য এরাস ট্যুরের ইউরোপীয় লেগে সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে (Santiago Bernabéu) দু’রাতের কনসার্ট করেছিলেন তিনি। ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি দর্শক হাজির হন। মার্কা-র হিসেব অনুযায়ী, শুধু সেই শো থেকে রিয়াল মাদ্রিদের আয় হয়েছিল ৯.১ মিলিয়ন ইউরো, মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ। শহরের হোটেল-রেস্তরাঁয়ও ঢুকেছিল কয়েক কোটি ইউরোর বাড়তি ব্যবসা।
অতএব বোঝাই যাচ্ছে, টেলর আর মাদ্রিদের যোগাযোগ নিছক একটি গানে আটকে নেই। একদিকে ‘পপ কুইন’, অন্যদিকে ফুটবলের সাম্রাজ্য—দুইয়ের নান্দনিক মিলনই যেন এ বছরের বিনোদনের সবচেয়ে চর্চিত ক্রসওভার। নতুন অ্যালবামে সেই যোগ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে কারণে ঘনিয়েছে প্রশ্ন: তাহলে কি পরের কনসার্টে বার্নাবেউতে গান শোনার পাশাপাশি গ্যালারিতে দেখা যাবে টেলরের গলায় রিয়াল মাদ্রিদের স্কার্ফ? ভক্তরা কিন্তু ইতিমধ্যেই সে ছবিই পাকাপাকিভাবে কল্পনা করে ফেলেছে!