স্কালোনিরও প্রশংসা করেছেন মেসি। জানিয়েছেন, দলে স্থিতিশীল পরিবেশ তৈরি করার কৃতিত্ব সম্পূর্ণ কোচিং স্টাফের।

লিওনেল মেসি
শেষ আপডেট: 5 December 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) এমন কথা বলবেন, তাও দল বিশ্বকাপে টিকিট পাকা করার পর, ড্র যখন আসন্ন—ভাবতেই পারেননি সমর্থকেরা! ছাব্বিশের টুর্নামেন্টে খেলবেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠলে রীতিমতো অনিশ্চয়তার সুরে ধোঁয়াটে কথা বলে চমকে দিলেন আর্জেন্তিনার অধিনায়ক। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল আগামী বছর আমেরিকায় শিরোপা ধরে রাখার পরীক্ষায় বসতে চলেছে। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা এখনও নিশ্চিত নন, তিনি আদৌ মাঠে নামবেন নাকি গ্যালারিতে বসে দেখবেন!
এক সাক্ষাৎকারে ইএসপিএনকে মেসি জানান, কোচ লিওনেল স্কালোনির (Lionel Scaloni) সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। খেলতে চাইছেন ঠিকই, কিন্তু শরীর-মন কি সেই চাপ নিতে পারবে? স্পষ্ট উত্তর নেই। মেসির ভাষায়, ‘আমি আশা করি থাকতে পারব। আগেও বলেছি, বিশ্বকাপে মাঠে থাকতে পারলে ভালো লাগবে। পরিস্থিতি খারাপ হলে মাঠে না-ও থাকতে পারি। সেক্ষেত্রে অন্তত দর্শক হিসেবে তো থাকবই!’
দলের রণকৌশল, পেপ গুয়ার্দিওলাকে (Pep Guardiola) নিয়ে নিজের ভাবনা, ইন্টার মায়ামির (Inter Miami) প্রস্তুতি—নানা প্রসঙ্গে কথা বললেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই বিশ্বকাপ-উল্লেখ, বিশেষত কারণ ২০২২–এ দোহায় যে ট্রফি জিতেছিলেন, তা মেসির বর্ণোজ্জ্বল কেরিয়ারের সবচেয়ে মূল্যবান অর্জন। আসন্ন টুর্নামেন্টে তাঁর বয়স দাঁড়াবে ৩৯। ফলে সিদ্ধান্তটা সরল নয়।
তবু দলের প্রতি আস্থা প্রবল। মেসি বলেন, ‘আমাদের টিমে অসাধারণ ফুটবলার। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা আরও স্পষ্ট। জেতার মানসিকতা, খিদে—সবকিছু রয়েছে। অনুশীলনেই দেখা যায় প্রত্যেকে কতটা আগ্রাসী।’এরপর জুড়ে দেন, দলের সাফল্যের বড় কারণ প্রতিদিনের প্রতিযোগিতা। মেসির মন্তব্য, ‘আমরা খুবই ঘনিষ্ঠ একটা দল। কিন্তু ট্রেনিং-গ্রাউন্ডে যদি কাউকে ঢুকতে হয়, সেই রাস্তাও খোলা। এটাই আমাদের শক্তি।’
২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি বাস্তববাদী। তাঁর কথায়, ‘দলের উপর আমার ভরসা আছে। আমরা চেষ্টা করব। কিন্তু ফুটবলে অনেক কিছুই খুব সামান্য ব্যবধানে বদলে যায়। আপনি পোস্টে মারলেন—বল বেরিয়ে গেল। পেনাল্টিতে জিততেও পারেন, হারতেও পারেন।’এই প্রসঙ্গে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারের সেই চাপও মনে করিয়ে দেন মেসি। বলেন, ‘মার্টিনেজ (Emiliano Martinez) আমাদের বাঁচিয়েছিল। কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গে দেবে, এমন তো নয়!’
স্কালোনিরও প্রশংসা করেছেন মেসি। জানিয়েছেন, দলে স্থিতিশীল পরিবেশ তৈরি করার কৃতিত্ব সম্পূর্ণ কোচিং স্টাফের। মেসির কথায়, ‘নতুন খেলোয়াড় আসছে, পুরোনোদের সঙ্গে দারুণভাবে মিশে যাচ্ছে। এটা খুবই বড় ব্যাপার।’