এ বছরই আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ফিফা বিশ্বকাপ। যেখানে সবকিছু ঠিক থাকলে মেসি সম্ভবত তাঁর ষষ্ঠ টুর্নামেন্টে খেলবেন। লক্ষ্য: আর্জেন্তিনার শিরোপারক্ষা।

লিওনেল মেসি
শেষ আপডেট: 19 March 2026 17:35
দ্য ওয়াল ব্যুরো: উচ্ছ্বাস আর বেদনা—দুটো একসঙ্গে। ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে বুধবার রাতে মিশেছিল এই দুই অনুভূতি। একদিকে লিওনেল মেসির (Lionel Messi) কেরিয়ারের ৯০০তম গোল—ফুটবল ইতিহাসে অসাধারণ মাইলফলক। অন্যদিকে সেই গোল সত্ত্বেও দলের বিদায় আটকানো গেল না। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের (CONCACAF Champions Cup) শেষ ষোলোয় নাশভিলের বিরুদ্ধে ১-১ ড্র করে অ্যাওয়ে গোলের নিয়মে বিদায় নিল ইন্টার মায়ামি। চেস স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচ—পরের মাসেই নতুন মাঠে চলে যাবে দল।
৯০০ গোলের গল্প
খেলার মাত্র সাত মিনিটেই ৯০০তম গোল করলেন মেসি। ম্যাচ শুরুর আগেই মাঠে উৎসবের আবহ। কিন্তু সেটা ধাক্কা খেল ৭৪তম মিনিটে। যখন নাশভিলের ক্রিশ্চিয়ান এস্পিনোজা সমতা ফেরালেন। অ্যাগ্রিগেট ১-১। তা সত্ত্বেও অ্যাওয়ে গোলের হিসেবে ছিটকে গেল মায়ামি।
মেসি আজ ৯০০ত্ম গোল করলেন। এর জন্য পথ পেরিয়েছেন ২১ বছর। প্রথম গোল এসেছিল ২০০৫ সালে—মাত্র ১৭ বছর বয়সে, বার্সেলোনার হয়ে, অ্যালবাসেতের বিরুদ্ধে ২-০ জয়ে!
৯০০ গোলের হিসেব:
বার্সেলোনায় ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল— গড় ০.৮৬ প্রতি ম্যাচ।
পিএসজিতে ৭৫ ম্যাচে ৩২ গোল।
আন্তর্জাতিক মঞ্চে ১৯৬ ম্যাচে আর্জেন্তিনার হয়ে ১১৫ গোল।
ইন্টার মায়ামিতে ৯৬ ম্যাচে ৮১ গোল।
তুলনায় রোনাল্ডো ও পেলে
৯০০-তে পৌঁছেও মেসি কিন্তু রোনাল্ডোর (Cristiano Ronaldo) থেকে এখনও ৬৫ গোলে পিছিয়ে। পর্তুগিজ তারকার ঝুলিতে আপাতত ৯৬৫ গোল। সবার উপরে পেলে। ব্রাজিলের কিংবদন্তির নামে হাজারেরও বেশি গোলের কথা বলা হয় ঠিকই। তবে সেই পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞ ব্রাজিল, স্যান্টোস ও নিউ ইয়র্ক কসমসে পেলের সম্মিলিত গোল ৭৬২ বলে ধরে থাকেন।
এদিনের ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো (Javier Mascherano)—যিনি নিজেও জাতীয় দল ও বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন—বলেন, ‘৯০০ গোলের সংখ্যাটা পাগলের মতো। লিও সত্যিই এক ও অদ্বিতীয়!’
উল্লেখ্য, এ বছরই আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ফিফা বিশ্বকাপ। যেখানে সবকিছু ঠিক থাকলে মেসি সম্ভবত তাঁর ষষ্ঠ টুর্নামেন্টে খেলবেন। লক্ষ্য: আর্জেন্তিনার শিরোপারক্ষা। এতকিছুর ফাঁকে ২০২৮ সাল পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন তিনি। ফলে বিষাদ নয়, আরও গোলের অপেক্ষায় ভক্তরা।