সূর্য-বাহিনীর সমস্ত নজর মেসি-তে নয়, পাখির চোখ আমদাবাদের ফাইনালে। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ার আলো-কাড়া এই ছবি—টিম ইন্ডিয়ার জার্সিতে লিওনেল মেসি—বাইশ গজের যুদ্ধ শুরু ইস্তক নিশ্চিতভাবে চর্চায় থাকবে।

লিও মেসি
শেষ আপডেট: 7 March 2026 22:31
দ্য ওয়াল ব্যুরো: সফরের সবকিছু চুকেবুকে গেছে৷ তুমুল জন-উন্মাদনা থেকে প্রবলতম বিশৃঙ্খলা, আয়োজকের হাজতবাস থেকে ক্রিকেটের ঈশ্বরের সঙ্গে অলৌকিক সংলাপ—সবকিছুর স্বাদ পেয়েছেন তিনি, লিওনেল মেসি। আপাতত তিনি আমেরিকায়। খেতাব জিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করছেন৷ অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল নামছে বাইশ গজের বিশ্বযুদ্ধে, খেতাব ধরে রাখার নজির স্থাপন করতে! আগামিকাল আমদাবাদে মহারণ৷ তার আগে টিম ইন্ডিয়াকে ‘চার্জ আপ' করতে বিশেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করল অ্যাডিডাস। কেন্দ্রে সেই লিওনেল মেসি৷ তবে আর্জেন্তিনার নয়, ভারতীয় ক্রিকেট টিমের জার্সি গায়ে! খানিক ত্রাতা-গোছের ইমেজ সমেত! অন্তত, ছবির ক্যাপশন (বিহাইন্ড দ্য ইলেভেন) সেদিকেই ইঙ্গিত করছে!
সময়ের দিক থেকে পোস্টটি বেশ তাৎপর্যপূর্ণ। আইসিসি টি–২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত (India cricket team) ও নিউজিল্যান্ড (New Zealand cricket team)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সেই মহারণের আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবি মুহূর্তে ভাইরাল। ফুটবল আর ক্রিকেট—দুই দুনিয়ার ভক্তরাই ছবিটি ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন।
মেসির সঙ্গে ভারতের সম্পর্ক নতুন নয়। তাঁর বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’ (GOAT India Tour 2025) ঘিরে দেশের নানা শহরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। সফরের শেষ পর্যায়ে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেসিকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি ও একটি ক্রিকেট ব্যাট উপহার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে কথাবার্তা চলে। সচিন তেন্ডুলকর তো বটেই, স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)-সহ একাধিক অলিম্পিয়ান ও প্যারা–অলিম্পিয়ানের সঙ্গেও আলাপচারিতায় দেখা গিয়েছিল আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
গত বছরের সেই স্মৃতিই যেন নতুন করে ফিরিয়ে আনল এই ভাইরাল ছবি। ভারতের জার্সিতে মেসি—দৃশ্যটা ক্রিকেটপ্রেমীদের কাছে নিছক প্রচারের ছবি নয়, বরং বড় ম্যাচের আগে এক অদ্ভুত শক্তি-জোগানো প্রতীকও বটে… যেন দূর দেশ থেকে ‘দ্বাদশ ব্যক্তি’ হয়ে নীরবে, অলক্ষ্যে সমর্থন জানাচ্ছেন, কাল ভারতের হয়ে গলা ফাটানোর আশ্বাস জোগাচ্ছেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা!
সমর্থকদের আবেগ তো চড়বেই। যদিও সূর্য-বাহিনীর সমস্ত নজর মেসি-তে নয়, পাখির চোখ আমদাবাদের ফাইনালে। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ার আলো-কাড়া এই ছবি—টিম ইন্ডিয়ার জার্সিতে লিওনেল মেসি—বাইশ গজের যুদ্ধ শুরু ইস্তক নিশ্চিতভাবে চর্চায় থাকবে।