যে জেটে চেপে মেসি ভারতে এসেছেন, সেটাই তাঁর ‘গোট’মর্যাদার আরেকটা স্পষ্ট প্রতীক। মাঠের বাইরে বিলাস, সময়ের দৌড়ে গতি—সবেতেই শীর্ষে থাকারই ছবি।

লিওনেল মেসি
শেষ আপডেট: 13 December 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় নামার আগেই উন্মাদনা। শনিবার ভোর আড়াইটে ছাব্বিশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনদিনের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর (GOAT India Tour 2025) শুরুতে শহরজুড়ে নজর কাড়ে শুধু মেসি (Lionel Messi in Kolkata) নন, তাঁর যাত্রাবাহনও—অতি বিলাসবহুল প্রাইভেট জেট গালফস্ট্রিম ভি (Gulfstream V)।
ডিসেম্বরের ঠান্ডা রাত উপেক্ষা করে হাজার হাজার সমর্থক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেছিলেন (GOAT Tour)। তবে কড়া নিরাপত্তার কারণে তাঁদের বেশিরভাগই মেসিকে চোখে দেখার সুযোগ পাননি। ব্যাক এন্ট্রি দিয়ে দ্রুত বের করে নেওয়া হয়। সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা যাচ্ছে, কেবল কয়েকজন বিমানবন্দরকর্মীই রানওয়েতে নামার সময় এক ঝলক দেখতে পান—কালো স্যুট, সাদা টি-শার্টে পরিচ্ছন্ন উপস্থিতি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেস (Luis Suarez) ও রদ্রিগো দি পল (Rodrigo De Paul)।
এই সফরে চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি—মিলিয়ে মাত্র ৭২ ঘণ্টায় একাধিক কর্মসূচি (GOAT Tour Messi)। মুখ্যমন্ত্রী, কর্পোরেট কর্তাব্যক্তি, বলিউড তারকা থেকে শুরু করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে ঠাসা সূচি। এত কম সময়ে এতটা ঘুরে বেড়ানোর জন্য গালফস্ট্রিম ভি-র মতো জেটই ভরসা।
কী এই গালফস্ট্রিম ভি?
এভিয়েশন সংস্থা এয়ার চার্টার সার্ভিস ইউএসএ (aircharterserviceusa.com) অনুযায়ী, গালফস্ট্রিম ভি একটি আল্ট্রা-লং রেঞ্জ বিজনেস জেট। একটানা প্রায় ৬ হাজার ৫০০ নটিক্যাল মাইল উড়তে পারে। অর্থাৎ, নিউ ইয়র্ক থেকে টোকিও বা লন্ডন থেকে সিঙ্গাপুর—নন-স্টপ যাত্রা সম্ভব। সর্বোচ্চ ৫১ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম হওয়ায় বাণিজ্যিক বিমানের ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুবিধা রয়েছে। গড় গতিবেগ ঘণ্টায় ৫৫০ মাইলের বেশি।
জেটটির দৈর্ঘ্য প্রায় ৯৬ ফুট, উচ্চতা প্রায় ২৬ ফুট। কেবিন তুলনামূলকভাবে প্রশস্ত। আলাদা বসার জায়গা, ঘুমনোর ব্যবস্থা, ব্যক্তিগত ওয়ার্কস্পেস, আধুনিক ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট—সবই বিমানের অন্যতম বৈশিষ্ট্য।
খরচ কত?
গুগল এআই ওভারভিউ (Google AI Overview) অনুযায়ী, ব্যবহৃত গালফস্ট্রিম ভি কিনতে খরচ পড়তে পারে আনুমানিক ৯ থেকে ১৪ মিলিয়ন মার্কিন ডলার। নতুন প্রজন্মের গালফস্ট্রিম (G550 বা G650) হলে দাম ৪০ মিলিয়ন ডলারেরও বেশি। শুধু কেনাই নয়—জ্বালানি, ক্রু, রক্ষণাবেক্ষণ ও হ্যাঙ্গার মিলিয়ে বছরে পরিচালন খরচ দাঁড়ায় প্রায় ২০ থেকে ৪০ লক্ষ ডলার। সব মিলিয়ে, যে জেটে চেপে মেসি ভারতে এসেছেন, সেটাই তাঁর ‘গোট’মর্যাদার আরেকটা স্পষ্ট প্রতীক। মাঠের বাইরে বিলাস, সময়ের দৌড়ে গতি—সবেতেই শীর্ষে থাকারই ছবি।