
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে
শেষ আপডেট: 15 October 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের পরিচয় আজ আর আলাদা করে দেওয়ার দরকার নেই। ২০২২ ফিফা বিশ্বকাপে তিনি যে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, ফুটবল ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে কয়েকদিন আগে এই তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। শোনা গিয়েছিল, তাঁর বিরুদ্ধে নাকি পুলিশি তদন্তও করা হবে। তবে ফ্রান্সের এই তারকা ফুটবলার এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে মুখ খুলেছেন।
সুইডেনের সংবাদপত্র আফ্টনব্লেডেট সবার আগে এই ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনেছিল। কিন্তু, অভিযুক্তের নাম তারা খোলসা করেনি। এরপর সুইডেনের অপর এক সংবাদপত্র এক্সপ্রেসএন এই ধর্ষণের খবরে ২৫ বছর বয়সি এমবাপের নাম প্রকাশ করে। পাশাপাশি ওই সংবাদপত্রে আরও অভিযোগ করা হয়, পুলিশ এই ঘটনার তদন্ত করতে চলেছে। তবে এমবাপে নিজেই এবার গোটা ঘটনাটি নিয়ে মুখ খুললেন।
FAKE NEWS !!!! ❌❌❌
— Kylian Mbappé (@KMbappe) October 14, 2024
Ça en devient tellement prévisible, veille d’audience comme par hasard ???? https://t.co/nQN98mtyzR
এমবাপের ঘনিষ্ঠরা এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছিলেন। তাঁরা একবাক্যে স্বীকার করেন, এমন কোনও বিষয় তাঁরা জানেন না। এমনকী, এমবাপের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তাঁরা শোনেননি। সোশ্যাল মিডিয়ায় এই খবরকে এমবাপে নিজেও ভুয়ো বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ঘটনাটি সেই সময়কার যখন প্যারিস সা জাঁ-র সঙ্গে এমবাপের ঝামেলা চলছিল। এমবাপে দাবি করেছিলেন, ক্লাবের পক্ষ থেকে তাঁর ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রাপ্য আটকে দেওয়া হয়েছে।
পিএসজি-র সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে এমবাপে আপাতত রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলছেন। বর্তমানে তিনি ফ্রান্সের যে অন্যতম সেরা ফুটবলার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ২০১৮ সালে তিনি ফ্রান্সকে ফিফা বিশ্বকাপও জিতিয়েছিলেন।