এই ট্যুর একটিমাত্র শহরে সীমাবদ্ধ থাকলে নাকি খরচ সামলানো যেত না। তাই একাধিক শহরে আয়োজন করে স্পনসর টানা হয়েছে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 31 August 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: কথা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রতিশ্রুতি রক্ষা করেছেন রোনাল্ডিনহো-ও!
দু'বছর আগে কলকাতা সফরে এসেছিলেন দুই ফুটবলার। পেয়েছিলেন সাদর অভ্যর্থনা, দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা। আপ্লুত ফুটবল তারকাদের কাছে সেদিন হয়তো-বা রসিকতার ছলেই 'প্রস্তাব' পেড়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। আর্জি একটাই: এত আদর-আপ্যায়ন, যত্ন-আত্তির 'গুড রিভিউ'-টি যেন লিওনেল মেসির (Lionel Messi) কানে পৌঁছে যায়! কলকাতার ফুটবল-আবেগ আর বাঁধনহারা লিও-প্রীতির কথা জানতে পারলে নিশ্চয় একটা হিল্লে হবে! মেসি রাজিও হতে পারেন ভারতে আসতে!
আশা পূরণ হয়েছে শতদ্রুর, সেই সঙ্গে দেশের তামাম ফুটবল-পাগল জনতার। কথা রেখেছেন মার্টিনেজ-রোনাল্ডিনহো। মেসির কানে বার্তা পৌঁছে গেছে। যে কারণে চলতি বছরের শেষেই লিও-র ভারত সফরে আসা একরকম পাকা। সূচিও প্রস্তুত। দিনক্ষণ চূড়ান্ত। এখন স্রেফ দিনগোনার পালা!
১২ ডিসেম্বর প্রথম গন্তব্য কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে ২০১১-র পর ফের মহানগরে পা রাখবেন মেসি। সেবার মাঠে নেমেছিলেন, দলকে নেতৃত্বও দেন। এবার শুধু ময়দানের লড়াই নয়, মেসিকে ঘিরে একগুচ্ছ অনুষ্ঠান। শতদ্রুর কথায়, ‘ফুটবল দুনিয়া খুব ছোট। মার্টিনেজ-রোনাল্ডিনহোকে বলেছিলাম, তোমাদের অভিজ্ঞতা আর মতামত মেসির সিদ্ধান্তে বড় ভূমিকা নেবে। টাচউড, ওরা দারুণ রিভিউ দিয়েছে, মেসিও খুশি!’
প্রথম দিনে মূর্তি-উন্মোচন, তারপর ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ (‘GOAT Concert’ ও ‘GOAT Cup’)। আদতে সাত-জনের সেলিব্রেশন ম্যাচ। মেসির সতীর্থ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম আর ভাইচুং ভুটিয়া। টিকিটের দাম শুরু ৩,৫০০ টাকা থেকে। মঞ্চে মেসিকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৩ ডিসেম্বর সন্ধ্যায় আহমেদাবাদের বিমান ধরার পালা। সেখানে স্পনসরদের সঙ্গে ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির হবেন। ১৪ তারিখ গন্তব্য মুম্বই। ১৫ তারিখ দিল্লি, অরুণ জেটলি স্টেডিয়ামে আরেকটি কনসার্ট ও নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা। শতদ্রু বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সময় চাইব। দেখা হলে সেটাই হবে সফরের সবচেয়ে বড় মুহূর্ত!’
এই ট্যুর একটিমাত্র শহরে সীমাবদ্ধ থাকলে নাকি খরচ সামলানো যেত না। তাই একাধিক শহরে আয়োজন করে স্পনসর টানা হয়েছে। শতদ্রু দত্তর হাত ধরে অতীতে কলকাতা দেখেছে পেলে, দিয়েগো মারাদোনা, কাফুর মতো তারকাদের। এবার সেই তালিকায় জুড়ে যেতে চলেছে লিওনেল মেসির নাম।