প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে কলকাতায় নামবেন মেসি। এটাই তাঁর সফরের সবচেয়ে বড় স্টপেজ—দু’দিন, এক রাত।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 4 August 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: এক দশক বাদে ফের ভারতে লিওনেল মেসি (Lionel Messi)। প্রথম গন্তব্য হতে চলেছে কলকাতা (Lionel Messi in Kolkata)। সেখান থেকেই শুরু হবে তাঁর সফর। যা আমদাবাদ, মুম্বই হয়ে দিল্লিতে ইতি টানবে। রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। যদিও আয়োজকরা জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি শেষ। এমনকি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও বুক করা হয়ে গিয়েছে। তাঁদের কথায়, ‘সব ব্যবস্থা আপাতত পাকা। এখন মেসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি।’
কলকাতা পর্ব:
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে কলকাতায় নামবেন মেসি। এটাই তাঁর সফরের সবচেয়ে বড় স্টপেজ—দু’দিন, এক রাত। পরের দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর সকাল ৯টায় শুরু হবে তাঁর কর্মসূচি। প্রথমেই থাকছে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। তারপরই লেক টাউন শ্রীভূমির ভিআইপি রোডে ৭০ ফুট উঁচু মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন। আয়োজকদের দাবি, এটিই হতে চলেছে দুনিয়ার সবচেয়ে বড় মেসি-মূর্তি।
ওইদিনই দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। সেখানে সফট টাচ, সফট বলের সাত-জন খেলোয়াড়পিছু এক প্রদর্শনী ম্যাচ খেলবেন মেসি। অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, ভাইচুং ভুটিয়া প্রমুখ। এই পুরো আয়োজন, আয়োজকদের কথায়, ‘মূলত মেসিকে কেন্দ্র করে উদযাপন। এক ধরনের মাস্টারক্লাসও থাকবে, যেখানে শিশুদের সঙ্গে তিনি কিছুটা সময় কাটাবেন!’
ইডেনের আসরে যোগ দিতে হলে দর্শকদের টিকিট কেটে ঢুকতে হবে। দাম ন্যূনতম ৩,৫০০ টাকা। সমস্ত স্ট্যান্ড খোলা থাকবে। অর্থাৎ, প্রায় ৬৮ হাজার দর্শক ময়দানে হাজির থাকতে পারবেন। ১ ঘণ্টা ২০ মিনিটের অনুষ্ঠান সাজানো সঙ্গীতানুষ্ঠান, বাচ্চাদের হাতেকলমে প্রশিক্ষণ এবং প্রদর্শনী ম্যাচে। এই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসির সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমদাবাদ, মুম্বই ও দিল্লি পর্ব:
১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসি উড়ে যাবেন আমদাবাদ। সেখানে আদানি ফাউন্ডেশনের শান্তিগ্রাম হেডকোয়ার্টারে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
পরদিন, ১৪ ডিসেম্বর মুম্বইয়ে। দুপুর ৩টা ৪৫-এ সিসিআই-তে ‘মিট অ্যান্ড গ্রিট’। বিকেল ৫টা ৩০ মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। আয়োজকদের স্পষ্ট বক্তব্য, ‘মুম্বইয়ে তিনি কোনও ক্রিকেট ম্যাচ খেলবেন না। শুধু সফট বল-সফট টাচ প্রদর্শনী হবে। অনেক সেলিব্রিট উপস্থিত থাকবেন!’ মুম্বই পর্বে ভারতীয় ফুটবল দলের সঙ্গেও তাঁর দেখা হওয়ার সুযোগ রয়েছে।
সবশেষে ১৫ ডিসেম্বর দিল্লি। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। দুপুর ২টা ১৫ মিনিটে ফিরোজ শাহ কোটলায় ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। প্রতিটি শহরে তিনি বাচ্চাদের সঙ্গে ৩০-৪০ মিনিটের মাস্টার ক্লাস নেবেন। সফর নিয়ে যে গুঞ্জন উঠেছিল, সেখানে কেরলের নাম থাকলেও মেসির আপাতত দক্ষিণী রাজ্যে যাওয়ার কোনও কথা নেই।
উল্লেখ্য, ২০১১ সালের ৩১ অগস্ট, ভোররাতে প্রথমবার কলকাতায় নামেন মেসি। সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেন। ১-০ গোলে সেই ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা।