৬৫ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন করণ রাই।

মোহনবাগান
শেষ আপডেট: 30 August 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল লিগে (CFL) শেষ পর্যন্ত ছন্দ খুঁজে পেল মোহনবাগান। তাতে অবশ্য কাজের কাজ কিছু হল না। ছন্দ ফিরে পেলেও সুপার সিক্স দূরস্ত গোষ্ঠ পাল সরণীর ক্লাবের কাছে। তবে এটা ঠিক-ই যে শনিবার ডেগি কার্ডোজার ছেলেরা পাঠচক্রের বিরুদ্ধে (Mohunbagan vs Pathchakra) দুরন্ত খেলেছে।
আগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে কাস্টমসের কাছে হেরে গিয়েছিল মেরিনার্স। সেই সঙ্গে তাদের সুপার সিক্সের স্বপ্নও শেষ হয়ে যায়। তবে শনিবার ঘুরে দাঁড়িয়ে পাঠচক্রকে ৫-২ গোলে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
মেসারার্সের বিরুদ্ধে ডুরান্ড কাপের জন্য মাঠে দল নামায়নি বাগান। সেই ম্যাচ নিয়ে আইএফএ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই খাতায়-কলমে এটাই ছিল এবারের গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ। এদিন জয়ের জন্য মরিয়া ছিল কার্ডোজার ছাত্ররা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাগান।
৬ মিনিটের মাথায় সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে কিছুক্ষণের মধ্যেই সেই গোল শোধ হয়ে যায়।১৫ মিনিটে ডেভিড মোটলা পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান পাঠচক্রকে। ২৪ মিনিটে করণ রাইয়ের গোলে ফের লিড নেয় মোহনবাগান। ৪৫ মিনিটে গোল করে বাগানের পক্ষে স্কোর লাইন ৩-১ করেন পীযূষ ঠাকুরি। ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) নিজের দ্বিতীয় গোলটি করেন করণ। আর ৬৫ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। ৬৯ মিনিটে পাঠচক্রের হয়ে ব্যবধান কমান সৌম্যজিৎ তরফদার। ৫-২ গোলে জিতেই মাঠ ছাড়ে মোহনবাগান।
পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে মরশুমটা ভাল শুরু করেও শেষ পর্যন্ত সুপার সিক্স অধরা থেকে গেল পাঠচক্রের কাছে। শেষ তিনটি ম্যাচই হেরেছে তারা। কোচ পার্থ সেনের আকস্মিক প্রয়াণের ফলেই পাঠচক্রকে সমস্যায় পড়তে হল বলে মনে করছেন অনেকে।
বি গ্রুপের ম্যাচে এদিন আটকে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা ২-২ গোলে ড্র করেছে রেনবো এসির সঙ্গে।