ইস্টবেঙ্গলের মতো একটি বিশাল প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার ক্ষমতার উপর আস্থা রাখার জন্য আমি ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচ অস্কারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

জয় গুপ্তার হাতে ইস্টবেঙ্গলের জার্সি তুলে দিচ্ছেন অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 9 September 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: আগেই জানা গিয়েছিল, লাল-হলুদ জার্সি গায়ে উঠতে চলেছে জাতীয় দলের ডিফেন্ডার জয় গুপ্তার (Jay Gupta)। এদিন তাতেই সরকারি ভাবে সিলমোহর পড়ল। মঙ্গলবার ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষ থেকে জানানো হয়েছে, এফসি গোয়া থেকে চার বছরের চুক্তিতে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে আসছেন জয় গুপ্তা। তবে ট্রান্সফার ফি কত নির্ধারিত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ভারতীয় ফুটবলে সম্প্রতি জয় গুপ্তা বেশ আলোচিত নাম। চলতি বছরের শুরুতে কলিঙ্গ সুপার কাপ জিতেছিল এফসি গোয়া। কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জয়। পাশাপাশি গত দুই আইএএলে এফসি গোয়াকে সেমিফাইনালে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল এই ডিফেন্ডারের। উল্লেখ্য, গত আইএসএলে লিগে দ্বিতীয় হয়েছিল গোয়া। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছেন, এবার ২৮ নম্বর জার্সি পড়ে খেলবেন গুপ্তা।
জয় গুপ্তা আদতে পুণের বাসিন্দা। কুশলী এই ফুটবলার তাঁর শারীরিক দক্ষতা এবং রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই অবদান রাখার ক্ষমতার জন্য পরিচিত। ২৩ বছর বয়সি জয় লেফট-ব্যাক বা লেফট সেন্টার-ব্যাক হিসাবেও খেলতে পারেন।
গুপ্তাকে দলে স্বাগত জানিয়ে ইমামি ইস্টবেঙ্গল এফসির ফুটবল প্রধান থাংবোই সিংতো বলেন, “জয় একজন তরুণ এবং গতিশীল ডিফেন্ডার, যার প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাব এবং আন্তর্জাতিক উভয় স্তরেই সে নিজেকে প্রমাণিত করেছে। তার আগমন আমাদের প্রথম দলের ব্যাকলাইনে আমরা যে বহুমুখীতা খুঁজছিলাম তা পূর্ণ হবে।”
পূর্বতন এফসি পুনে সিটির যুব দল থেকে জয় বিদেশে পাড়ি জমান। পর্তুগালে জিডিএস ক্যাসকেস এবং এস্টোরিল প্রাইয়া বি-এর মতো ক্লাবের হয়ে প্রশিক্ষণ সারেন এবং ম্যাচও খেলেন। এরপর যোগ দেন স্পেনের এব্রে এসকোলা এসপোর্টিভারে।
২০২৩ সালের মাঝামাঝি ভারতে ফিরে আসার পর জয় এফসি গোয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। গোয়ার জার্সিতে তিনি দুই মরশুমে ৫২টি ম্যাচ খেলেন। এখন পর্যন্ত ৪২টি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ম্যাচেগুপ্তা ২,৮৬০ মিনিট খেলে ২টি গোল, ৩টি অ্যাসিস্ট, ১০টি ক্লিন শিট, ২৩টি ইন্টারসেপশন, ৫১টি সফল ট্যাকল, ২০০টি সফল ডুয়েল এবং ৪৯টি ক্লিয়ারেন্স অর্জন করেছেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের অক্টোবরে পেয়েছেন আইএসএল উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
জয় ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত লাল-হলুদ হেডস্যার অস্কার ব্রুজোঁ। পাশাপাশি পদ্মাপাড়ের ক্লাবে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন এফসি গোয়া থেকে আসা এই ডিফেন্ডার। জয় বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো একটি বিশাল প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার ক্ষমতার উপর আস্থা রাখার জন্য আমি ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচ অস্কারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। গত বছর কলকাতায় আমার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল, তাই এখন এই মহান শহর থেকে ইস্টবেঙ্গলের মতো একটি বড় ক্লাবের হয়ে খেলা সত্যিই বিশেষ। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের হয়ে আমার অভিষেক, দলের সাফল্যে অবদান, অভিজ্ঞতা এবং ডার্বি জয় এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। জয় ইস্ট বেঙ্গল।”