৭-১০ দিনের মধ্যে আমরা ফের বৈঠকে বসব। সেদিন সুপার কাপের তারিখ, ফরম্যাট ও রূপরেখা নির্ধারণ করা হবে।

কল্যাণ চৌবে
শেষ আপডেট: 7 August 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: বৈঠকই সার। মিলল না কোনও সমাধান সূত্র। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি। আইএসএলের ক্লাবগুলির (ISL Club) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের (AIFF President Kalyan Chaubey) বৈঠকের নির্যাস বলতে এর আগে বা পরে কিছু নেই।
কল্যাণ চৌবে এদিনের বৈঠকে ক্লাবগুলিকে প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছর আইএসএল শুরুর আগেই হবে সুপার কাপ (Super Cup)। দুটো টুর্নামেন্টেই হবে এই বছর। সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে সুপার কাপ। এআইএফএফ-আইএসএল ক্লাবগুলির সম্মিলিত বৈঠকে এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
বৃহস্পতিবারের বৈঠকে কল্যাণ বলেন, “৭-১০ দিনের মধ্যে আমরা ফের বৈঠকে বসব। সেদিন সুপার কাপের তারিখ, ফরম্যাট ও রূপরেখা নির্ধারণ করা হবে।”
আইএসএল স্থগিত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ক্লাবগুলি। খেলোয়াড় ও স্টাফদের বেতন দেওয়া, অনুশীলন চালানো, নতুন ফুটবলার রিক্রুট, সবেতেই সমস্যা। চেন্নাইয়ান এফসি, ওড়িশা ও বেঙ্গালুরু তো বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবলারদের জানিয়ে দিয়েছে, তাঁরা অন্য ক্লাব খুঁজতে পারেন। জানা গিয়েছে আরও বেশ কিছু ক্লাব এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে।
এদিনের বৈঠকে এই বিষয়ে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি ফেডারেশন সভাপতি। তিনি বলেন, "খেলোয়াড় বা স্টাফদের বেতন দেওয়া ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত। আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না, সব শীর্ষস্থানীয় লিগে এমনটাই হয়ে থাকে।"
ইস্টবেঙ্গল কর্তারা সশরীরে হাজির থাকতে না পারলেও, অনলাইনে এদিনের বৈঠেক যোগ দেন। তবে মোহনবাগানের কোনও প্রতিনিধি বৈঠকে যোগ দেননি।
ফেডারেশনের পক্ষ থেকে এদিনের বৈঠকে জানানো হয়, শীর্ষস্তরের একটি লিগ হবেই, তা আইএসএল হোক বা অন্য কোনও লিগ। আইএসএলের ক্লাবগুলি এদিনের বৈঠকে জানিয়েছে সুপার কাপে তারা খেলবে। তবে তাদের শর্ত একটাই, লিগ হওয়ার নিশ্চয়তা দিতে হবে।