এআইএফএফ সভাপতি হিসাবে, আমি আশ্বস্ত করছি যে, লিগটি অনুষ্ঠিত হবে।

কল্যাণ চৌবে
শেষ আপডেট: 25 July 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: চরম অবব্যস্থার মধ্যে দিয়ে চলছে ভারতীয় ফুটবল। জাতীয় দলের পারফরম্যান্স তলানিতে। ফিফার তালিকায় ক্রমাগত নেমেই চলেছে মেন ইন ব্লুজ। এদিকে দেশের শীর্ষ টুর্নামেন্ট আইএসএল (Indian Super League) আপাত স্থগিত। সমস্ত বিষয়েই অভিযোগের আঙুল প্রধানত উঠছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) দিকে।
তাই এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন ফেডারেশেনর সভাপতি কল্যাণ চৌবে। তিনি আশ্বস্ত করেছেন যে, ইন্ডিয়ান সুপার লিগ চলতি বছরেই অনুষ্ঠিত হবে। তবে তিনি শীর্ষ স্তরের এই প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে, সে বিষয়ে কিছু বলেননি। সেই সঙ্গে কল্যাণ জানিয়েছেন, নতুন ভারতীয় কোচের বিষয়ে সিদ্ধান্ত আগামী ১০ দিনের মধ্যে নেওয়া হবে।
আইএসএল আয়োজক এফএসডিএল ১১ জুলাই জানিয়েছিল, ১৫ বছর আগে এআইএফএফের সঙ্গে স্বাক্ষরিত মাস্টার রাইটস চুক্তি (এমআরএ) পুনর্নবীকরণ ঘিরে অনিশ্চয়তার কারণে তারা ২০২৫-২৬ মরশুম স্থগিত রেখেছে। আইএসএল সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে। এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে বর্তমান এমআরএ-এর মেয়াদ এই বছরের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে, ২০২৫-২৬ মরশুম তার তৃতীয় মাসে পৌঁছে যেত।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফেডারেশনকে বলা হয়েছিল, খসড়া সংবিধান মামলায় চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত, এমআরএ-এর নতুন শর্তাবলী নিয়ে এফএসডিএলের সঙ্গে যেন এআইএফএফ আলোচনা না করে। সুপ্রিম কোর্ট শীঘ্রই রায় দেবে বলে আশা করা হচ্ছে। কল্যাণ চৌবে এদিন বলেন, সময়টি গুরুত্বপূর্ণ এবং সুপ্রিম কোর্টের রায় আসার পরে এআইএফএফ এবং সমস্ত স্টেকহোল্ডাররা লিগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চৌবে পিটিআইকে বলেন, "এআইএফএফ সভাপতি হিসাবে, আমি আশ্বস্ত করছি যে, লিগটি অনুষ্ঠিত হবে। কিন্তু সময় গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ফিফা উইন্ডো, হোম এবং অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তাই সময় একটি ফ্যাক্টর।"
সেই সঙ্গে কল্যাণের সংযোজন, "যদি লিগটি না হয়, তাহলে কেবল ফুটবলাররাই নয়, ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবেন। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাই, আমরা লিগটি যাতে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমি বলছি না যে দেরিতে হবে। আমরা জানি না কখন আদালতের সিদ্ধান্ত আসছে। তাই যখনই এটি আসবে, তখন অবশ্যই এআইএফএফ সিদ্ধান্ত নেবে, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বসে নিশ্চিত করবে যে, আইএসএল-সহ অন্যান্য টুর্নামেন্টগুলি কতটা সুষ্ঠুভাবে পরিচালিত করা যেতে পারে।"
জাতীয় দলের কোচ পদ এখন শূন্য। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি বলেন, কার্যনির্বাহী কমিটির সভা শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং তারপরেই প্রধান কোচের নাম ঘোষণা করা হবে। কল্যাণ বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আমার মনে হয় ১০ দিনের মধ্যে কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। আমরা কার্যনির্বাহী কমিটির সভা করব এবং তারপরে প্রধান কোচের নাম ঘোষণা করা হবে।"
২৩ জুলাই এআইএফএফ ঘোষণা করেছিল, খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচকে এই পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে।