অনেক টালবাহানা মিটিয়ে আইএসএল শুরুর আবহে অভীকের এই স্বীকারোক্তি ভারতীয় ফুটবলের বৃহত্তর সংকটকে সামনে এনে দাঁড় করেছে। প্রশ্ন উঠছে—ক্লাবগুলো যদি টিকে থাকতেই হিমশিম খায়, তবে দীর্ঘমেয়াদে লিগ কাঠামো কতটা টেকসই?

অভীক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 12 February 2026 11:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের আর্থিক দুরবস্থা নিয়ে অকপট মন্তব্য করলেন কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) সিইও অভীক চট্টোপাধ্যায় (Abhik Chatterjee)। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্বীকার করে নেন, ক্লাব একসময় কার্যত বন্ধ করে দেওয়ার কথা সত্যি সত্যি বিবেচনায় আনা হয়েছিল।
অভীক (Abhik Chatterjee) বলেন, ‘আমরা সেই অপশনটা বিবেচনা করেছিলাম। কিছু আইএসএল (Indian Super League) ক্লাব বড় কর্পোরেট বা প্রতিষ্ঠানের সমর্থন পায়। কিন্তু কিছু দল ব্যক্তি মালিকানাধীন। কেরালা ব্লাস্টার্স এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল, যেখানে সামনে এগনো কঠিন হয়ে দাঁড়ায়। তাই ক্লাব গুটিয়ে নেওয়ার আলোচনা চলছিল!’
ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ আইএসএল (ISL) ঘিরে অনিশ্চয়তা, বাণিজ্যিক চাপ এবং আর্থিক ভারসাম্যহীনতা—সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত চ্যালেঞ্জিং, তা অভীকের এই মন্তব্যে স্পষ্ট!
কীভাবে বদলে গেল পরিস্থিতি? সামাল দেওয়া গেল সঙ্কট? কেরালা ব্লাস্টার্সের মালিকের কথায়, ‘আইএসএলের প্রায় ৮০ শতাংশ ক্লাব নিজেদের পরিচালনার পদ্ধতি বদলাতে বাধ্য হয়েছে। এখন আর কেউ খেলোয়াড়দের পিছনে বিপুল অর্থ ঢালছে না। বড় ট্রান্সফার নেই। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সেই বাজারই নেই।’তিনি আরও যোগ করেন, ‘ক্লাবগুলো শুধু এআইএফএফের (AIFF) জন্য নয়, লিগ চালাতে নিজেরাও টাকা খরচ করছে। আর্থিক চাপ সবার উপরেই রয়েছে।’এই মন্তব্য থেকে স্পষ্ট—ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমে অর্থনৈতিক স্থায়িত্ব এখন বড়সড় প্রশ্নচিহ্ন।
সমস্যা তীব্র আকার নিলেও কেন ক্লাব বন্ধ করা হল না? এই প্রশ্নের উত্তরে অভীকের সোজাসাপ্টা জবাব, ‘এই দল (কেরালা ব্লাস্টার্স) বহু মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে। কেরালায় এই ক্লাব মানে স্বতন্ত্র পরিচয়। সেটা বন্ধ হয়ে গেলে অসংখ্য ফুটবলারের খেলার সুযোগও যেত হারিয়ে!’ মন্তব্যে স্পষ্ট: কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) শুধু একটি ফুটবল টিম নয়—দক্ষিণ ভারতের ফুটবল সংস্কৃতির বড় প্রতীক। সেই আবেগই শেষ পর্যন্ত তাকে টিকিয়ে রাখল।
তবে অনেক টালবাহানা মিটিয়ে আইএসএল শুরুর আবহে অভীকের এই স্বীকারোক্তি ভারতীয় ফুটবলের বৃহত্তর সংকটকে সামনে এনে দাঁড় করেছে। প্রশ্ন উঠছে—ক্লাবগুলো যদি টিকে থাকতেই হিমশিম খায়, তবে দীর্ঘমেয়াদে লিগ কাঠামো কতটা টেকসই? সময়ই তার উত্তর দেবে।