আপাতত সমর্থকদের মনে একটাই প্রশ্ন—আফগানিস্তানের বিরুদ্ধে ঝিঙ্ঘনকে ছাড়া ‘ব্লু টাইগার্স’ কতটা লড়াই দিতে প্রস্তুত?

সন্দেশ ঝিঙ্ঘন
শেষ আপডেট: 3 September 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: ইরানের কাছে তিন গোলে হারের ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছিল ভারতীয় ফুটবল দল। তার মধ্যেই ধেয়ে এল আরও বড় আঘাত—চোট পেয়ে কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘন। রক্ষণভাগের অন্যতম মুখ দেশে ফিরে আসছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) বুধবার আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে।
তাজিকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল ভারত। গোলদাতা আনোয়ার আলি ও ঝিঙ্ঘন নিজেই। কিন্তু পরের ম্যাচে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। এখন গ্রুপে ভারতের সামনে আফগানিস্তান। জয় ছাড়া বিকল্প নেই। হারলে বা ড্র করলে তৃতীয় স্থানে লড়াইয়ের আশা মিইয়ে যাবে।
মসনদে খালিদ জামিল। তাঁর কোচিংয়ে এটাই প্রথম টুর্নামেন্ট। শুরুতে ঝিঙ্ঘনের গোল আর নেতৃত্বে দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ তাঁকে হারানো মানে শুধু এক ডিফেন্ডার নয়, গোটা ব্যাকলাইন নড়বড়ে হয়ে যাওয়া। মাঠে যেমন লড়াকু, তেমনই ড্রেসিংরুমে অনুপ্রেরণা জোগান। কে এই জায়গাটা পূরণ করবে? চিন্তায় টিম ম্যানেজমেন্ট।'
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও এর প্রভাব পড়তে চলেছে। ১৭ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–তে ইরাকি ক্লাব আল–জাওরার বিরুদ্ধে গ্রুপ ওপেনার খেলতে নামবে এফসি গোয়া। আল সিবের বিরুদ্ধে প্লে-অফ জয়ের ম্যাচে ঝিঙ্ঘনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাঁকে ছাড়া বড় টুর্নামেন্ট খেলতে নামা হোয়া বাহিনীর জন্যও বড় ঝক্কি!
ইরানকে কড়া টক্কর দেওয়ার পরও খালি হাতে ফিরতে হয়। যদিও তাতে হতাশ হননি ঝিঙ্ঘন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্কোরলাইন কষ্ট দিচ্ছে। কিন্তু ম্যাচ থেকে অনেক ইতিবাচক শিক্ষা নিয়ে ফিরছি। মাঠে এসে সমর্থন করার জন্য ধন্যবাদ। ঘরে বসে আমাদের জন্য চিয়ার করেছেন যাঁরা, তাঁদের প্রতিও কৃতজ্ঞ। সামনে এগোতেই হবে!’
ভারতের ফুটবল টিমে ঝিঙ্ঘনের উপস্থিতি মানে শুধু রক্ষণের নিশ্ছিদ্র নিরাপত্তা নয়, আত্মবিশ্বাসের অটুট প্রাচীরও বটে। তা হঠাৎ ভেঙে পড়ায় আপাতত সমর্থকদের মনে একটাই প্রশ্ন—আফগানিস্তানের বিরুদ্ধে ঝিঙ্ঘনকে ছাড়া ‘ব্লু টাইগার্স’ কতটা লড়াই দিতে প্রস্তুত?