ইনফান্তিনোর দেরি করে আসার কারণ হল, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Markin President Donald Trump) সঙ্গে আরব দুনিয়ায় সফরে (Traveling in the Arab world) ছিলেন।

ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনো
শেষ আপডেট: 16 May 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবলের মহাগুরুত্বপূর্ণ (FIFA Meeting) সভায় সকলে বসে রয়েছেন। সভার স্থান প্যারাগুয়ের রাজধানী আসুনসিও (Asuncion, Capital of Paraguay)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President Gianni Infantino) এলেই ফিফার এই গুরুত্বপূর্ণ সভা শুরু হবে। কিন্তু দেখা নেই ফিফা সভাপতির। অবশেষে এলেন তিন ঘণ্টা দেরিতে। শুরু হল সভা।
ফিফা কংগ্রেস (FIFA Congress) হল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক। এই বৈঠকে ফিফার সদস্যভুক্ত ২০০-র বেশি দেশের প্রতিনিধিরা একত্র হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। সাধারণত বছরে একবারই হয় এই সভা। সেই সভাতেই এবার নির্দিষ্ট সময়ে উপস্থিত হলেন না ফিফা সভাপতি।
জানা গিয়েছে, ইনফান্তিনোর দেরি করে আসার কারণ হল, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Markin President Donald Trump) সঙ্গে আরব দুনিয়ায় সফরে (Traveling in the Arab world) ছিলেন। সেখান থেকে প্যারাগুয়েতে এসে তিনি সভায় যোগ দেন। তবে ইনফান্তিনোর এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। প্রতিবাদস্বরূপ সভা ছেড়ে বেরিয়ে যান বেশ কয়েকজন। সভামঞ্চ ছেড়ে চলে যান উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন-সহ বেশ কয়েকজন কর্মকর্তা। ফিফা সভাপতির বক্তব্যের সময়ও বেশ কিছু চেয়ার ফাঁকা ছিল।
এই বৈঠক উপলক্ষে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তিন দিন আগে থেকেই ভিড় জমিয়েছিলেন প্যারাগুয়ের রাজধানী আসুনসিওতে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এ বছরের ফিফা কংগ্রেস শুরুর নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা। কিন্তু ফিফা সভাপতি তখনও প্যারাগুয়ে থেকে অনেক দূরে। অবশেষে ইনফান্তিনো সভাস্থলে পৌঁছলে বৈঠক শুরু হয় বেলা একটার কিছু আগে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ মে থেকে চার দিনের মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তাঁর সফরসঙ্গী হয়েছিলেন ফিফা সভাপতি। প্রথমে সৌদি আরব, এরপর কাতারে যান ট্রাম্প। এর মধ্যে ফিফা কংগ্রেসের সময় চলে আসে। ইনফান্তিনো কাতার সরকারের দেওয়া বিমানে চড়ে দোহা থেকে নাইজেরিয়া হয়ে আসুনসিওর পথে রওনা দেন। ফিফা কংগ্রেস যখন শুরু হওয়ার কথা, ফিফা সভাপতির বিমান তখন আটলান্টিক মহাসাগরের ওপরে।
ফিফা সভাপতির দেরিতে বৈঠকে যোগদানের ঘটনা ‘ভীষণ হতাশাজনক’ উল্লেখ করে উয়েফা এক বিবৃতিতে লিখেছে, ‘যা নিছক ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থরক্ষার প্রয়াস বলেই প্রতীয়মান, তা খেলাটির উপকারে আসে না, বরং এর স্বার্থকে গৌণ করে তোলে।’
ইনফান্তিনো অবশ্য নিজের সপক্ষে যুক্তি দিয়েছেন। ফ্লাইট সমস্যার জন্যই তিনি নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। ফিফা সভাপতি বলেন, “রাজনীতি ও অর্থনীতির বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমার মনে হয়েছে আপনাদের সবার পক্ষ থেকে, ফুটবলের পক্ষ থেকে আমার সেখানে উপস্থিত থাকা দরকার। ফিফা সভাপতি হিসেবে সংস্থার স্বার্থে কাজ করা আমার কর্তব্য।”