ম্যাচ শুরুর আগে অনেকেই ভেবেছিলেন, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমান হয়তো সহজেই ম্যাচ জিতে যাবে। হেড-টু-হেড রেকর্ডেও পিছিয়ে ছিল ভারত।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 September 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের (Indian Football) খারাপ সময়ে দেশীয় কোচের দাবি অনেক দিন ধরেই উঠছিল। আর সেই সুযোগ পেয়েই বাজিমাত করলেন খালিদ জামিল (Khalid Jamil)। তাঁর কোচিংয়েই ভারতীয় ফুটবল দল যেন নতুন প্রাণ ফিরে পেল। কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী ওমানকে (Oman) টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া (India)। ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন হাড্ডাহাড্ডি লড়াই করে জয় খুব কমই এসেছে।
ম্যাচ শুরুর আগে অনেকেই ভেবেছিলেন, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমান হয়তো সহজেই ম্যাচ জিতে যাবে। হেড-টু-হেড রেকর্ডেও পিছিয়ে ছিল ভারত। ১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই ওমান জিতেছিল, বাকি তিনটি ছিল ড্র। কিন্তু মাঠে নামার পর দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। খালিদ জামিলের রণনীতিতে ওমানের আক্রমণকে বারবার রুখে দিল ভারতের রক্ষণভাগ। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল হজম করে ভারত। ওমানের আহমাদি গোল করে এগিয়ে দেন দলকে। কিন্তু গোল খেয়েও দমে যায়নি খালিদ জামিলের ছেলেরা। তিনি খেলার ধরনে বদল আনেন। লং বল এবং সেট পিসে জোর দিতেই আসে সাফল্য। ৮০ মিনিটের মাথায় আনোয়ারের লম্বা থ্রো থেকে দানিশের মাথা ছুঁয়ে আসা বলে উদান্তা সিং দারুণ হেডে গোল করে সমতা ফেরান।
এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোলেই আটকে ছিল স্কোর। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় খেলা। আর সেখানেই বাজিমাত করে টিম ইন্ডিয়া। ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় ভারত। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, এটি ভারতীয় ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল।
কোচ হিসেবে খালিদ জামিল আসার পর থেকেই ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। তাজিকিস্তানের বিরুদ্ধে জয়, ইরানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর হার হলেও এবার ওমানের বিরুদ্ধে জয়। এই দল নিয়ে এখন আশার আলো দেখছেন সমর্থকরা। যদি সব ঠিক থাকে, তবে ভারতীয় ফুটবল দল যে নতুন উচ্চতায় পৌঁছতে পারে, তার ইঙ্গিত এই জয়ই।