খেলোয়াড়দের দিকেই স্পটলাইট। কিন্তু ভারত–পাকিস্তান ম্যাচের মতো হাইভোল্টেজ লড়াইয়ে আম্পায়ার–রেফারিদেরও গা ছাড়া ভাব দেখানোর ফুরসত নেই!

ফাইল চিত্র
শেষ আপডেট: 8 September 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড়দের দিকেই স্পটলাইট। কিন্তু ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের মতো হাইভোল্টেজ লড়াইয়ে আম্পায়ার–রেফারিদেরও গা ছাড়া ভাব দেখানোর ফুরসত নেই! একটু ঢিলেমি, সামান্য অসতর্ক হলেই অবধারিত বিতর্ক।
সবদিক বিবেচনা করে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরুর মুখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রকাশ করেছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা। দায়িত্বে থাকবেন অভিজ্ঞ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson) আর অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)। বিশেষ করে সব চোখ থাকবে পাইক্রফটের দিকে—কারণ তিনিই সেদিনের ম্যাচ রেফারি।
লড়াই ১৪ সেপ্টেম্বর, দুবাই (Dubai) স্টেডিয়ামে। মাঠের চাপ, গ্যালারির উন্মাদনা, দর্শকদের গর্জন—সবকিছু সামলাতে হবে আম্পায়ারদের। ওই ম্যাচে ময়দানে থাকবেন শ্রীলঙ্কার (Sri Lanka) রুচিরা পল্লিয়াগুরুগে (Ruchira Palliyaguruge) আর বাংলাদেশের (Bangladesh) মসুদুর রহমান (Masudur Rahman)। দায়িত্ব সামলাতে হবে নিরপেক্ষতায়, ঠান্ডা মাথায়। ঢিলেমির এতটুকু অবকাশ নেই।
এশিয়া কাপে গ্রুপ পর্বে মোট ১০ জন আম্পায়ার কাজ করবেন। ভারতের (India) বীরেন্দ্র শর্মা (Virender Sharma), রোহন পণ্ডিত (Rohan Pandit); আফগানিস্তানের (Afghanistan) আহমদ পাকতিন (Ahmad Pakteen), ইজাতুল্লাহ সাফি (Izatullah Safi); পাকিস্তানের (Pakistan) আসিফ ইয়াকুব (Asif Yaqoob), ফয়জল আফ্রিদি (Faisal Afridi); বাংলাদেশের গাজি সোহেল (Gazi Sohel), মসুদুর রহমান; শ্রীলঙ্কার রবীন্দ্র উইমলাসিরি (Raveendra Wimalasiri), রুচিরা পল্লিয়াগুরুগে—সবাই মিলে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ পরিচালনা করবেন। দুজন রেফারির নজর থাকবে গোটা টুর্নামেন্টে।
তবে শুধু মাঠে নয়, গ্যালারির বাইরেও জমবে আসর। কারণ কমেন্ট্রি রুমে বসছে কিংবদন্তিদের গেট টুগেদার! সুনীল গাভাসকর (Sunil Gavaskar), রবি শাস্ত্রী (Ravi Shastri), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag), ভরত অরুণেরা (Bharat Arun) থাকছেন ম্যাচ কমেন্ট্রি ও বিশ্লেষণে। বিশ্ব ফিডে শোনা যাবে সঞ্জয় মাঞ্জরেকর (Sanjay Manjrekar), রবিন উথাপ্পা (Robin Uthappa), ওয়াকার ইউনিস (Waqar Younis), সাইমন ডুলদের (Simon Doull)। হিন্দি দর্শকদের জন্য থাকবেন সহবাগ, ইরফান পাঠান (Irfan Pathan), অজয় জাডেজা (Ajay Jadeja), অভিষেক নায়ার (Abhishek Nayar), সাবা করিম (Saba Karim)। তামিল ধারাভাষ্যে ভরত অরুণের সঙ্গে ডব্লিউভি রমন (WV Raman), আর তেলুগুতে ভেঙ্কটাপতি রাজু (Venkatapathy Raju)–ভেনুগোপাল রাও (Venugopal Rao)। সোনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network) জানিয়েছে, দর্শকদের জন্য এবার থাকবে একেবারে নতুন অভিজ্ঞতা—বহুভাষিক কভারেজ, টক-শো আর বিশেষজ্ঞের টানটান বিশ্লেষণ।
এই এশিয়া কাপে খেলছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান (Oman) আর হংকং (Hong Kong)। ফাইনাল ১৪ সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন দল এশিয়াজয়ী বাহিনী হিসেবে সরাসরি ২০২৬ আইসিসি টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) যোগ্যতা অর্জন করবে।