২০২১ সালে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ইনিংস শেষ করার পর থেকে জিদান দূরে রয়েছেন ডাগআউট থেকে। তবে এখন তাঁর এই ঘোষণা যেন নতুন সূচনার ইঙ্গিত।

জিনেদিন জিদান
শেষ আপডেট: 13 October 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: ফের সাইডলাইনে দেখা যেতে পারে জিনেদিন জিদানকে (Zinedine Zidane)। ফরাসি কিংবদন্তি নিজেই খোলসা করলেন, খুব শিগগির না হলেও আবারও কোচিংয়ে ফিরছেন তিনি। স্পষ্ট ইঙ্গিত—এবার পছন্দের গন্তব্য ফ্রান্স জাতীয় দল (France National Team)।
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত-এর আয়োজিত এক অনুষ্ঠানে ৫৩ বছরের জিদান বলেন, ‘আমি নিশ্চিত, আবারও কোচিংয়ে ফিরব। এখনই নয়, কিন্তু একদিন অবশ্যই জাতীয় দলের ম্যানেজার হতে চাই!’ অর্থাৎ, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) পর দিদিয়ের দেশঁর (Didier Deschamps) বিদায়ের সূত্রে ফ্রান্স দলের ডাগআউট খালি হচ্ছে। আর সেখানেই সবকিছু ঠিক থাকলে, দেখা যেতে পারে ‘জিজু’কে!
বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি খেলোয়াড় ও প্রাক্তন রিয়াল মাদ্রিদ (Real Madrid) কোচ ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে দুই দফায় রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দিয়েছিলেন—যা তাঁকে আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত করেছে। নিজের ফুটবল-দর্শন নিয়েও খোলাখুলি জিদান। তাঁর ভাষায়, ‘সবচেয়ে জরুরি বিষয় ফুটবলের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসাটাই খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে হয়—যা তোমার ভেতরে গভীরে রয়েছে!’ তিনি আরও যোগ করেন, ‘একজন কোচ দলের সাফল্যে বিরাট ভূমিকা রাখে। আমার মতে, কোচের শক্তি ও আগ্রহই নির্ধারণ করে—দল কতটা সফল হবে। আমি বলব, ৮০ শতাংশ সাফল্য নির্ভর করে কোচের উদ্যমের উপর!’
২০২১ সালে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ইনিংস শেষ করার পর থেকে জিদান দূরে রয়েছেন ডাগআউট থেকে। তবে এখন তাঁর এই ঘোষণা যেন নতুন সূচনার ইঙ্গিত। তাই ফরাসি মিডিয়া ইতিমধ্যেই জল্পনা শুরু করে দিয়েছে—দেশঁ-র পরের কোচ কে? উত্তরটা হয়তো এখন স্পষ্টই—জিনেদিন জিদান! যিনি খেলোয়াড় হিসেবেও ফ্রান্সকে বিশ্বসেরার তাজ জিতিয়েছিলেন, এবার হয়তো সেই মহিমা ফিরিয়ে আনতে চান ডাগআউটে দাঁড়িয়ে।