প্রথমার্ধটা সহজ ছিল না। রিয়ালকে ভরসা রাখতে হয় দূরপাল্লার শটে। সেন্টার-ব্যাক ডিন হুইসেন ও এদের মিলিতাও চেষ্টা করেছিলেন। কিন্তু ওসাসুনা গোলকিপার এরেরা গড়ে তোলেন প্রতিরোধ।

কিলিয়ান এমবাপে
শেষ আপডেট: 20 August 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: জয় এল। জুটল তিন পয়েন্টও। কিন্তু সদ্য শুরু হওয়া লা লিগায় (La Liga) রিয়াল মাদ্রিদের (Real Madrid) পারফরম্যান্স বোঝাতে আগে ‘দাপুটে’ শিরোনামটা জোড়া যাবে না। বলা উচিত ‘ম্যাড়ম্যাড়ে’। নতুন কোচ জাবি আলোনসো (Xabi Alonso) রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বস্তির নিশ্বাস ফেললেন, সমর্থকরাও হাঁফ ছেড়ে বাঁচলেন, কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) প্রভূত প্রতিশ্রুতির ইঙ্গিত দিয়ে গোলের খাতা খুললেন, কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেল। সেই সঙ্গে দুশ্চিন্তাও। ঘরোয়া লিগ স্প্রিন্ট নয়, ম্যারাথন। সেখানে দৌড়নোর মতো শক্তি কি রিয়াল তারকাদের রয়েছে? খেলায় ক্লান্তির ছাপ স্পষ্ট। সেটা কাটবে কবে? জাবিকে এর উত্তর খুঁজতে হবে তাড়াতাড়ি!
যদিও অনুগামীরা এতশত ভাবতে নারাজ। গতরাতে সান্তিয়াগো বের্নাবেউতে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগার প্রথম ম্যাচে জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ—এটুকুই তাদের কাছে গুরুত্বপূর্ণ। হারিয়েছে ওসাসুনাকে (Osasuna), ১-০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোল করেন কিলিয়ান এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের টার্নিং পয়েন্ট। বক্সে ঢুকে কাট করতে যাচ্ছিলেন এমবাপে। সেই সময় ওসাসুনা ডিফেন্ডার হুয়ান ক্রুসের আনাড়ি ট্যাকলে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে রেফারির পেনাল্টির নির্দেশ। নিজেই স্পটকিক নেন এমবাপে। গোলরক্ষক সের্হিও এরেরাকে ভুল পথে পাঠিয়ে জালে বল জড়াতে ভুল করেননি। গত সিজনে ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা। নতুন মরশুমও শুরু হল গোল দিয়ে!
আলোনসোর কাছে প্রথম ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। একদা মাদ্রিদে খেলেছেন, খেতাব জিতেছেন ভূরি ভূরি। এখন ডাগ আউটে। খেলা শেষে বললেন, ‘এখানে কোচ হিসেবে ফিরে আসাটা এক বিশেষ অনুভূতি, ভোলার নয়। আশা করি, এটাই অনেক জয়ের শুরুয়াত হতে চলেছে। ইতিবাচক দিক অবশ্যই ম্যাচের ফলাফল। তবে এখনও কিছু জায়গায় স্থিতিশীলতা দরকার, যাতে আরও বড় লক্ষ্যের দিকে এগোনো যায়!’
প্রথমার্ধটা সহজ ছিল না। রিয়ালকে ভরসা রাখতে হয় দূরপাল্লার শটে। সেন্টার-ব্যাক ডিন হুইসেন ও এদের মিলিতাও চেষ্টা করেছিলেন। কিন্তু ওসাসুনা গোলকিপার এরেরা গড়ে তোলেন প্রতিরোধ। একবার ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে সুযোগ পেয়েও ঠিকভাবে শট নিতে পারেননি এমবাপে। এরপর আরও একটি বাঁকানো শট বাইরে মারেন।
গোলের পর যদিও খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল। হাফ টাইমের পর মাঠে নামেন ১৮ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে। বল পায়ে আত্মবিশ্বাসী দেখায়। শেষদিকে তাঁর একটি শটও আটকান এরেরা। ওসাসুনার হয়ে বিরল সুযোগ আসে অঁতে বুদিমিরের হেডার থেকে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। সংযুক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার আবেল ব্রেতোনেস।
রিয়াল শিবিরে দুশ্চিন্তার নাম জুড বেলিংহ্যাম। কাঁধের অস্ত্রোপচারের পর অন্তত অক্টোবর পর্যন্ত খেলতে পারবেন না তিনি। তবে নতুন সংযোজনদের নিয়ে আশাবাদী ক্লাব। লিভারপুল থেকে আসা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লা লিগায় অভিষেক ম্যাচ খেললেন। সঙ্গে হুইসেন ও আলভারো কারেরাসও ছিলেন প্রথম একাদশে।
২০০৮ সালের পর থেকে লিগের প্রথম ম্যাচে অজেয় থাকার ধারা বজায় রাখল রিয়াল। কার্লো অ্যান্সেলোত্তি যুগের হতাশার পর আলোনসোর হাতে নতুন অধ্যায়ের সূচনা। বের্নাবেউয়ে জয় দিয়েই যাত্রা শুরু—যা সমর্থকদের চোখে নিশ্চিতভাবে আশার আলো।