প্রথম দিনই মাঠে নামবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। এই ম্যাচ দিয়েই এবারের প্রতিযোগিতা শুরু হবে।

আইএফএ শিল্ড
শেষ আপডেট: 4 October 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: ঘোষিত হল আইএফএ শিল্ড ২০২৫-এর সূচি (IFA Shield 2025 Schedule Announce)। সূচি অনুযায়ী ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। সবকিছু ঠিকঠাক চললে ফাইনালে হতে পারে ডার্বি।
শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ছয়টি দল। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ছয় দলকে। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। আর গ্রুপ বি-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা ও ইউনাইটেড স্পোর্টস। ময়দানের ক্লাব ইউনাইটেড এফসি এবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে রানার্স হয়েছে। এবারের আইএফএ শিল্ড খেলার জন্য মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসিকে আমন্ত্রণ জানানো হলেও তারা খেলতে রাজি হয়নি।
প্রতিযোগিতা শুরু হবে ৮ অক্টোবর। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আদেশে আইএফএ শিল্ড শেষ করতে হবে সুপার কাপের আগে। সেই জন্য ফাইনালের তারিখ ঠিক করা হয়েছে ১৮ অক্টোবর।
প্রথম দিনই মাঠে নামবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। এই ম্যাচ দিয়েই এবারের প্রতিযোগিতা শুরু হবে। মোহনবাগান নামবে ৯ নভেম্বর। গঙ্গা পাড়ের ক্লাবের প্রথম প্রতিপক্ষ গোকুলাম কেরালা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তাই লাল-হলুদের ম্যাচ দিয়েই শুরু হবে আইএফএ শিল্ড। পাশাপাশি তিনি জানান, দুই বড় দলের ম্যাচ কলকাতায় রাখার চেষ্টা করা হচ্ছে। তবে দু-একটা ম্যাচ জেলার মাঠেও হতে পারে। প্রথম ম্যাচ সম্ভবত হবে কিশোরভারতী স্টেডিয়ামে, তবে ফাইনালে দুই প্রধান মুখোমুখি হলে সেটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গণে।
আইএফএ শিল্ড ২০২৫-এর গ্রুপ বিন্যাস
গ্রুপ এ:
ইস্টবেঙ্গল এফসি
নামধারী এফসি
শ্রীনিধি ডেকান এফসি
গ্রুপ বি:
মোহনবাগান
ইউনাইটেড এফসি
গোকুলম কেরালা এফসি