প্রশ্ন একটাই—ছাব্বিশের মঞ্চে ফুটবলই প্রাধান্য পাবে, নাকি নিরাপত্তার অঙ্কেই ওলটপালট হবে আয়োজন?

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 26 September 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে ফের চমকপ্রদ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট বার্তা—আয়োজক শহর যদি ‘বিপজ্জনক’ মনে হয়, তবে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
বিশ্বকাপের আসর বসছে মার্কিন মুলুকে। সঙ্গে কানাডা আর মেক্সিকো। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ৪৮ দলের মেগা প্রতিযোগিতা। তবে আয়োজক শহর নিয়ে এখনও আশঙ্কা কাটেনি। বিশেষ করে সিয়াটল (Seattle) আর সান ফ্রান্সিসকোর (San Francisco) নাম টেনে ট্রাম্প সরাসরি কটাক্ষ ছুড়েছেন। তাঁর কথায়, ‘ওই শহরগুলো চালাচ্ছে কিছু উন্মাদ বামপন্থী নেতা। যারা জানেই না, কীভাবে শাসন করতে হয়!’
সিয়াটলের লুমেন ফিল্ডে ছ’টি আর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লিভাইস স্টেডিয়ামে ছ’টি ম্যাচ হওয়ার কথা। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারি—‘আমরা নিশ্চিত করব জায়গাগুলো যাতে নিরাপদ থাকে। যদি মনে হয় বিপদ, তাহলে অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হবে। একেবারেই ন্যায়সঙ্গত প্রশ্ন!’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর নীতি মেনেই আমেরিকা আগের থেকে বেশি সুরক্ষিত। ওয়াশিংটনে অপরাধ নিয়ন্ত্রণে সেনা পাঠানোর উদাহরণ টেনে ট্রাম্প বলেন, ‘ওখানে এখন কোনও বিপদ নেই। মেমফিস, শিকাগো—শিগগিরই আরও শহরে নামব আমরা। বিশ্বকাপ পুরোপুরি নিরাপদে অনুষ্ঠিত হবে!’
প্রসঙ্গত, টুর্নামেন্টের মূল আয়োজক ফিফা (FIFA)। ম্যাচ কোন শহরে হবে, সেই সিদ্ধান্তও তাদেরই হাতে। তবে ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর (Gianni Infantino) সুসম্পর্কে নতুন জল্পনা তৈরি হয়েছে। সত্যিই কি হোয়াইট হাউসের চাপেই বদলাবে আয়োজক শহর? সবকিছুর জবাব মিলবে ডিসেম্বরে। কারণ আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র। তবে তার আগে থেকেই ট্রাম্পের মন্তব্য প্রতিযোগিতার উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন একটাই—ছাব্বিশের মঞ্চে ফুটবলই প্রাধান্য পাবে, নাকি নিরাপত্তার অঙ্কেই ওলটপালট হবে আয়োজন?