ক্রীড়া আদালত ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে।

ইন্টার কাশী
শেষ আপডেট: 18 July 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দীর্ঘ টালবাহানার সমাপ্তি। গত মরশুমের আই-লিগ চ্যাম্পিয়ন (I-League Champion) চার্চিল ব্রাদার্স নয়, খেতাব জিতেছে অ্যান্তোনিও হাবাসের প্রশিক্ষণাধীন ইন্টার কাশী (Inter Kashi)। শুক্রবার এই রায়ের ঘোষণা করা হয়েছে ক্যাস-এর (CAS) পক্ষ থেকে।
এমনিতেই নানা জটিলতায় বেহাল দশা ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। আইএসএল আপাত স্থগিত রয়েছে। এবার এআইএফএফ-এর (AIFF) সমস্যা আরও বাড়ল। কারণ ক্রীড়া আদালত ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। ফেডারেশনকে ৩ হাজার সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে ইন্টার কাশীকে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক ৩ লক্ষ ২২ হাজার টাকা।
সেই সঙ্গে নিয়মভঙ্গ, দলীয় দায়িত্বহীনতা ও খেলোয়াড় ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রুটির জন্য জরিমানা গুণতে হবে চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি এবং রিয়াল কাশ্মীরকেও।
উল্লেখ্য, চলতি বছরেরে জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু এরপরই হাবাসের দল অভিযোগ তুলেছিল, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। সেই ম্যাচে নামধারীর হয়ে অংশ নিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লেডসন দ্য সিলভা, যিনি আগেই চারটি হলুদ কার্ড দেখে ম্যাচে খেলার অনুপযুক্ত ছিলেন। এরপরে ইন্টার কাশী অভিযোগ দায়ের করে ফেডারেশনের কাছে।
বিষয়টি গড়ায় শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত। সেখানে প্রথমে ইন্টার কাশীকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ফেডারেশনের আপিল কমিটিতে আবেদন করে নামধারী। তখন শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় ফেডারেশনের আপিল কমিটি।
স্থগিতাদেশের বিরোধিতা করে ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় ইন্টার কাশী। সেখানে ফেডারেশনের রায় খারিজ করে দেয় ক্যাস। যদিও প্রথম এই রায়ের পরও ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি। অবশেষে শুক্রবার দ্বিতীয় এবং শেষ দফার রায় দিয়েছে ক্রীড়া আদালত। আর সেই রায়ে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে।
🚨 Inter Kashi declared as champions of I-league by CAS. pic.twitter.com/4bFLQO4cNj
— IFTWC - Indian Football (@IFTWC) July 18, 2025
ক্যাসের এই ঘোষণার পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের রায় সর্বোচ্চ আদালতের মত, আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই। ইন্টার কাশীকে অভিনন্দন জানাই আই লিগ জয়ের জন্য।”