Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করুণ পারলেন না, সুদর্শনও ব্যর্থ! রাহুল-পূজারার ছেড়ে যাওয়া ‘তিনে’র মালিকানা বুঝে নেবেন কে?

ম্যাঞ্চেস্টারে মরণবাঁচন ম্যাচ। সেরা একাদশ বাছাই বিষয়টা নৈর্ব্যক্তিক। কে আসবে, কে যাবে—সেটা নিয়ে আকচা-আকচি লেগেই থাকবে। কিন্তু ওয়ান ডাউনে যে বদল… একটা স্থায়ী জরুরি, এই নিয়ে কারও মনে এতটুকু দ্বিমত নেই!

করুণ পারলেন না, সুদর্শনও ব্যর্থ! রাহুল-পূজারার ছেড়ে যাওয়া ‘তিনে’র মালিকানা বুঝে নেবেন কে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 July 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজার ছেড়ে যাওয়া মুকুটে মুক্তোর আড়ালে অনেক সময় গাঁথা থাকে কাঁটা। দূর থেকে ‘অভিনব’ ঠেকলেও, মাথায় তোলা দায়!

টিম ইন্ডিয়ার টেস্ট টিমে ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনও তেমনই কন্টকিত মুকুট। যা মণিমাণিক্যে সাজিয়ে তুলেছিলেন রাহুল দ্রাবিড়। হস্তান্তর হয় চেতেশ্বর পূজারার কাছে। এরপর মালিকানা নিয়ে দাবি উঠেছে, মুখ বদলেছে। কিন্তু অবিসংবাদী স্বত্ব আদায়ে সকলে ব্যর্থ! স্রেফ দখলের নামে মিউজিক্যাল চেয়ার চলেছে। কখনও শুভমান গিল, কেএল রাহুল, অতিসম্প্রতি করুণ নায়ার থেকে সাই সুদর্শন—নাম বদলেছে কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। ওয়ান ডাউনের আসন পাকাপাকিভাবে কারও দখলে আসেনি।

বস্তুত, নম্বর তিন ব্যাটিং ক্রমে অন্যতম চ্যালেঞ্জিং পজিশন। কারণ, এই জায়গায় নেমে শুষে নিতে হয় সমস্ত চাপ। নির্বিষ করতে হয় আগুনের তুবড়ি ছোটানো সিম কিংবা বিষাক্ত ছোবল মারা স্পিন। বাইশ গজের যতটুকু ‘প্রাণ’, সবটুকু থেঁতলে ‘পাটা’ বানানোর দায় বর্তায় ওয়ান ডাউনের কাঁধে। এক অর্থে টিমের স্বার্থে আত্মোৎসর্গ! নিজের কেরিয়ার কিংবা পরিসংখ্যানের কথা চিন্তা না করে দলের জন্য ঝাঁপিয়ে পড়া। বোমারু প্রতি-আক্রমণ রুখে পরে নামবেন যারা, তাঁদের জন্য সুখকর মঞ্চ তৈরি… শচীনের জন্য এই কাজই করে এসেছেন দ্রাবিড়, বিরাটের জন্য পূজারা। চলতি সিরিজে শুভমানের জন্য এগিয়ে আসবেন কে, যিনি স্রেফ পিচের বিষ হরণ নয়, বানাবেন বড় রান, গড়বেন পাকা ইনিংস?—এই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।

পূজারা বাদ পড়ার পরই এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অস্ট্রেলিয়ায় অফ ফর্মে ছিলেন রোহিত শর্মা। ছন্দ ফিরে পেতে বারবার ব্যাটিং অর্ডারে উপর-নীচ চালিয়ে যান। তখন কেএল রাহুল নামতেন তিনে। চারে শুভমান। রোহিতের অবসরের পর নকশা বদলে গিয়েছে। শুভমান নিজের পজিশন ধরে রাখলেও রাহুল আপাতত স্থায়ী ওপেনার হিসেবে বিশ্বস্ততা অর্জন করেছেন। কিন্তু তাঁর অনুপস্থিতিই ঘনিয়ে তুলেছে প্রশ্ন: তাহলে তিনে কে? পাকাপাকিভাবে কি কেউই এর দখল নিতে পারবেন না?

প্রথম টেস্টে সুযোগ পান সাই সুদর্শন। প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে করেন ৩০। এরপর টিম কম্বিনেশন—ব্যাটিং গভীরতা ও অলরাউন্ডারের তালমিল রাখার পাকচক্রে জায়গা হারান সুদর্শন। করুণ নায়ার, যিনি ছয়ে নেমেছিলেন, প্রমোশন পেয়ে উঠে আসেন তিনে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় টেস্টের চার ইনিংস মিলিয়ে তোলেন যথাক্রমে—৩১, ২৬, ৪০ ও ১৪ রান! অর্থাৎ, শুরু ভাল হলেও শেষ হচ্ছে না। বড় ইনিংস হাত ফস্কে বেরিয়ে যাচ্ছে।

এই ইস্যুকে অন্য অনেকের মতো সামনে টেনেছেন প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়র। সতীর্থ দিলীপ বেঙ্গসরকর, যিনি ওয়ান ডাউন পজিশনের বেঞ্চমার্ক গড়ে দেন, তাঁর নজির টেনে ফারুকের দাবি, ‘করুণ নায়ার একাধিক দুর্দান্ত ২০ এবং ৩০ রানের ইনিংস খেলেছে। কিন্তু তিনে নেমে দিলীপ অসাধারণ সেঞ্চুরি করতেন। লর্ডসেই তিনখানা সেঞ্চুরি, যা এরপর কোনও ভারতীয় ক্রিকেটার করে দেখাতে পারেনি!’

এরপর করুণকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের সেরা একাদশ বাছাই করতে হবে। আমি সাই সুদর্শনের থেকে খুব কিছু একটা দেখিনি। নায়ার সুন্দর ৩০ রান করেছে। দৃষ্টিনন্দন কভার ড্রাইভ মেরেছে। কিন্তু এটুকুই। ওয়ান ডাউনে নামা ব্যাটারের থেকে আমরা ভাল ৩০ নয়, খারাপ সেঞ্চুরির ইনিংস চাই! বড় রান করতেই হবে, প্রত্যাশা উপরে রাখা চাই!’

ম্যাঞ্চেস্টারে মরণবাঁচন ম্যাচ। সেরা একাদশ বাছাই বিষয়টা নৈর্ব্যক্তিক। কে আসবে, কে যাবে—সেটা নিয়ে আকচা-আকচি লেগেই থাকবে। কিন্তু ওয়ান ডাউনে যে বদল… একটা স্থায়ী জরুরি, এই নিয়ে কারও মনে এতটুকু দ্বিমত নেই!

রাহুল-পূজারার ছেড়ে যাওয়া মুকুট থেকে কাঁটা তুলবেন কে? প্রশ্নটা ম্যাঞ্চস্টারের আকাশে আজও চক্কর কেটেছে!


```