উঠছে প্রশ্ন—করুণ নায়ার কি এবারও জায়গা ধরে রাখবেন? নাকি সাই সুদর্শন ফিরে আসেবেন?

করুণ নায়ার
শেষ আপডেট: 18 July 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: চেয়েছিলেন একটা সুযোগ। পেলেন তিন টেস্ট মিলিয়ে ছ’টা। তবু পায়ের জমি পাকা করতে ব্যর্থ করুণ নায়ার (Karun Nair)। লিডসের (Leeds Test) প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। তারপর হেডিংলে (Headingley), এজবাস্টন (Edgbaston), লর্ডসে (Lord’s) কখনও কুড়ি, কখনও তিরিশের কোঠায় রান থেমেছে—কখনওই বড় ইনিংস সাজাতে পারেননি।
এই সূত্রে উঠতে শুরু করেছে প্রশ্ন—তবে কি করুণকে নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়া বোকামো? তিন নম্বরে ব্যাট করার গ্রহণযোগ্য বিকল্প কি আর কেউ নেই? শুধুমাত্র উইকেটে দাঁড়িয়ে প্রাথমিক ঝটকা সামলানো, বাইশ গজের বিষদাঁত ভাঙা আর বলের জেল্লা তুলে বোলারদের কিছুটা হতোদ্যম করাই কি ওয়ান ডাউনে নামা ব্যাটারের কাজ? বড় রানের কোনও দায় নেই?
করুণকে নিয়ে এমন প্রশ্ন উঠবে সেটা কিন্তু প্রস্তুতি ম্যাচে বোঝা যায়নি। ইন্ডিয়া এ টিমের হয়ে খেলতে নামেন। প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স। আর ব্যাট হাতে প্রথম সুযোগেই ডবল সেঞ্চুরি হাঁকান। সবাই মনে করেছিল, স্টোকসের বিরুদ্ধেও একই ফর্ম ধরে রাখবেন করুণ। তা আদতে হয়নি। টেস্ট সিরিজে নামার পরই খেই হারালেন। তিন ম্যাচে মোটে ১৩১ রান। গড় বাইশেরও নিচে। বেশ কয়েকবার ভাল শুরু করেও আকস্মিক ছন্দপতন। কখনও দুর্দান্ত ক্যাচ, কখনও আত্মঘাতী সিদ্ধান্তে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন। ভাল ইনিংস। কিন্তু বড় নয়, ছোট।
লর্ডসে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল এখন ১-২-এ পিছিয়ে। সামনে ম্যাঞ্চেস্টার টেস্ট। বাঁচা-মরার ম্যাচ। এবার ঘুরে দাঁড়ানো না গেলে সিরিজও হাতছাড়া। এই অবস্থায় উঠছে প্রশ্ন—করুণ নায়ার কি এবারও জায়গা ধরে রাখবেন? নাকি সাই সুদর্শন ফিরে আসেবেন?
এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate) করুণকে ছেঁটে ফেলার পক্ষপাতী নন। তাঁর ব্যাখ্যা: ‘এটা হয়তো একটু অদ্ভুত শোনাবে, যখন আপনি পিছিয়ে রয়েছেন। কিন্তু সত্যি বলতে কি, আমাদের ছেলেরা এখনও পর্যন্ত সিরিজে ভালো খেলেছে। দুটো হেরে যাওয়া ম্যাচেই মূল সমস্যা ছিল একটা সময়ের মধ্যে হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়া। হেডিংলিতে আর লর্ডসেও দিনের শেষে বা সকালের শুরুতে আমরা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছি—৬ উইকেট গিয়েছে মাত্র ৪০ রানে। ওটাই ম্যাচ আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে!’
এরপরই করুণ প্রসঙ্গে দুশখাতের বক্তব্য, ‘ওর ছন্দ ভালো, ব্যাটিং টেম্পোও ঠিক আছে। আমরাও চাই করুণের ব্যাট থেকে আরও রান আসুক। তবে সব ব্যাটারই কোনও না কোনও সময় ভাল খেলেছে। তাই বারবার ছোট ছোট ভুলে যা ক্ষতি হয়েছে, সেগুলো শুধরেই এগতে হবে!’
যদিও এই বক্তব্য মানতে নারাজ প্রাক্তন ক্রিকেটার, অধুনা ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত (Deep Dasgupta)। সরাসরি করুণের ছাঁটাই দাবি করে তিনি বলেছেন, ‘প্রথম একাদশে যদি একটা বদল করতেই হয়, তবে করুণ নায়ারকে বাদ দিয়ে সাই সুদর্শনকে (Sai Sudarshan) ফেরানো হোক। কারণ করুণ রান করছেন না। দু’একটা ম্যাচে ভালভাবে শুরু করেছেন, কিন্তু কখনওই বড় ইনিংস গড়তে পারেননি। ওকে আত্মবিশ্বাসীও দেখাচ্ছে না!’
বিকল্প কে? দীপের বক্তব্য, ‘সাই সুদর্শন তরুণ। যদি এই ইংল্যান্ড সফরকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখেন, তাহলে ওর উপরই বাজি ধরা উচিত। করুণ বেশ কয়েকবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেনি। আর এই সিরিজের পর ইংল্যান্ডে ভারতের আবার কবে টেস্ট সফর হবে, কেউ জানে না। হাতে বাকি মাত্র দুটো ম্যাচ। এখনই যদি কাউকে তৈরি করতে হয়, তাহলে সে সুদর্শন। করুণ নয়!’
প্রসঙ্গত, চলতি সিরিজেই লিডসে টেস্ট অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩০ রান। তারপরই তাঁকে বসিয়ে দেওয়া হয়। টিম কম্বিনেশন পাল্টে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে চেয়েছিলেন নির্বাচকরা। ব্যাটিং-অলরাউন্ডার ঢুকতেই বাদ পড়েন সাই।