প্রশ্ন: গুয়ার্দিওলা সরে গেলে সিটির পরিচয় বদলাবে? নতুন কোচ আবার শুরু করতে পারবেন আধিপত্যের চেনা অধ্যায়?

পেপ গুয়ার্দিওলা
শেষ আপডেট: 3 February 2026 15:19
দ্য ওয়াল ব্যুরো: অস্বস্তি পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির (Manchester City)। টটেনহ্যামের (Tottenham Hotspur) বিরুদ্ধে দুই গোলের লিড হারিয়ে ড্র—আর তারপর থেকেই জোরাল হচ্ছে জল্পনা: এটাই কি পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) শেষ মরশুম? ক্লাবের তরফ থেকে ঘোষণা না এলেও স্কাই স্পোর্টস, দ্য টেলিগ্রাফের মতো প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, বিকল্প ভাবনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
সিটির প্রতিদ্বন্দ্বী শিবির এবং প্রিমিয়ার লিগের অন্দরমহলে চর্চিত ধারণা—দশ বছর পূর্ণ করার পর এটাই হতে পারে গুয়ার্দিওলার বিদায়লগ্ন। ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আর ড্রেসিংরুমের ‘মুড’ সেই ছবিকে ঘোলাটে করছে।
কেন জল্পনা তুঙ্গে?
টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে আর্সেনালের (Arsenal) সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়তে দেখে প্রশ্ন উঠছে সিটির পারফরম্যান্স নিয়ে। অনেকের চোখে, এই দলটা আগের মতো ক্ষুধার্ত নয়। শোনা যাচ্ছে, কয়েকজন খেলোয়াড়ের মধ্যেও নাকি একটা অনিশ্চয়তা কাজ করছে—গুয়ার্দিওলা থাকছেন তো?
এই আবহে স্পেন সফরে গিয়ে প্যালেস্তাইনি শিশুদের সমর্থনে বক্তৃতা দেওয়া এবং মিডিয়া ডিউটি মিস করা—সব মিলিয়ে গুজব আরও উসকে দিয়েছে। যদিও ক্লাব সূত্রে জল্পনা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু ব্যাক-আপ প্ল্যান নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেই খবর।
সম্ভাব্য উত্তরসূরি: তিন নামই কেন আলোচনায়?
উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে যিনি, তিনি প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো (Xabi Alonso)। জানুয়ারিতে স্পেনীয় ক্লাব ছাড়ার পর থেকেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে তিনি। লিভারপুলের (Liverpool) সঙ্গে অতীত-যোগ থাকলেও, সিটি তাঁকে টানতে পারে। সেক্ষেত্রে এই নিয়োগ বড় বার্তা হয়ে উঠতে পারে।
দ্বিতীয় নাম এনজো মারেস্কা (Enzo Maresca)। একসময় গুয়ার্দিওলার সহকারী। চেলসিতে (Chelsea) শেষের সময়টুকু ভালো না কাটলেও, সিটির সিস্টেম জানা কোচ হিসেবে তাঁর কদর কম নয়।
তৃতীয় নাম বেশ কৌতূহলোদ্দীপক—সেস ফ্যাব্রেগাস (Cesc Fabregas)। ইতালির কোমো (Como) ক্লাবে তাঁর কাজ ইউরোপজুড়ে প্রশংসা পাচ্ছে। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, আধুনিক ফুটবল দর্শন—সব মিলিয়ে সেস-কে ভবিষ্যতের বড় কোচ হিসেবে দেখা হচ্ছে।
গুয়ার্দিওলার ভবিষ্যৎ ও সিটির সিদ্ধান্ত
এখনও নিশ্চিত কিছুই নয়। ডিরেক্টর অফ ফুটবল হুগো ভিয়ানা (Hugo Viana) পরিস্থিতি মূল্যায়ন করছেন। প্রয়োজনে গুয়ার্দিওলার মতামতও চাওয়া হতে পারে। তবে বাস্তব একটাই—এই সিটি আর সেই ‘অপ্রতিরোধ্য’ সিটি নয়। রদ্রির (Rodri) রেফারিং নিয়ে ক্ষোভ, এরলিং হালান্ডের (Erling Haaland) মাঠের আচরণ—সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত, দলের সামগ্রিক মনোযোগ নষ্ট। তাই প্রশ্ন: গুয়ার্দিওলা সরে গেলে সিটির পরিচয় বদলাবে? নতুন কোচ আবার শুরু করতে পারবেন আধিপত্যের চেনা অধ্যায়?