আজই (শুক্রবার) চিঠি পাঠিয়ে আইএসএলের সব দলকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে এসএফডিএল। সেই সঙ্গে এই সিদ্ধান্তের কথা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে এআইএফএফ-কেও।

আইএসএল
শেষ আপডেট: 11 July 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন মরশুমে আদৌ আইএসএল (ISL) হবে কি না তা নিয়ে অনেক দিন আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। এর পিছনে প্রধান অভিযোগ ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে। তাদের সদিচ্ছা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল। এবার সেই প্রশ্নেই যেন সিলমোহর পড়তে চলেছে।

এমনিতেই ভারতীয় ফুটবলের বেহাল দশা। স্মৃতির পাতায় হাঁটলেও ভারত শেষ কবে জিতেছে, তা খুঁজে পেতে সমস্যা হচ্ছে। এর মধ্যেই জানা গেল, আপাতত আইএসএল মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (SFDL)। আজই (শুক্রবার) চিঠি পাঠিয়ে আইএসএলের সব দলকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে এসএফডিএল। সেই সঙ্গে এই সিদ্ধান্তের কথা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে এআইএফএফ-কেও।
এফএসডিএল চিঠিতে উল্লেখ করেছে, তাদের সঙ্গে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। তার মানে দাঁড়াচ্ছে, সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন করে চুক্তি সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনও সমাধানসূত্র মেলেনি এখনও পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে যে হেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মরসুমের আইএসএলের পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে রাজি নয় এফএসডিএল।