এফসি গোয়ার অবস্থা একেবারে উলটো। এখনও পর্যন্ত টুর্নামেন্টে তারা টানা দুই ম্যাচে হেরেছে। জায়গা গ্রুপ–ডি–র একদম তলানিতে।

ছবি: এফসি গোয়ার এক্স অ্যাকাউন্ট
শেষ আপডেট: 22 October 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: গোয়ার ফতোরদা (Fatorda) এক বড় রাতের অপেক্ষায়। সামনে আল নাসর (Al Nassr)। তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে না ঠিকই। তবুও তাতে উত্তেজনা এতটুকু টাল খায়নি।
আজ, বুধবার, এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর (AFC Champions League 2) গ্রুপ–ডি ম্যাচে মুখোমুখি হচ্ছে এফসি গোয়া (FC Goa) ও আল নাসর। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ভেন্যু—ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম। টিভিতে নয়, খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ (FanCode) ও ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিংয়ে।
সৌদি আরবের জায়ান্ট ক্লাব এই মুহূর্তে দুরন্ত ফর্মে। প্রথম দুই ম্যাচেই জিতেছে আল নাসের। একবার ৫-১ ব্যবধানে (FC Istikol), আরেকবার ২-০ (Al Zawraa) স্কোরলাইনে। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের এক নম্বরে। রোনাল্ডো এ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ ২–এ নামেননি। কিন্তু লিগে রীতিমতো আগুন ঝরাচ্ছেন। আজকের ম্যাচেও তিনি বিশ্রামে। তবু চিন্তা নেই আল নাসরের সমর্থকদের। কারণ, দলে রয়েছেন কিংসলি কোমান (Kingsley Coman), জোয়াও ফেলিক্স (Joao Felix) আর সাদিও মানের (Sadio Mane) মতো তারকা।
অন্যদিকে, এফসি গোয়ার অবস্থা একেবারে উলটো। এখনও পর্যন্ত টুর্নামেন্টে তারা টানা দুই ম্যাচে হেরেছে। জায়গা গ্রুপ–ডি–র একদম তলানিতে। তবুও, কোচ মানোলো মারকেজ (Manolo Marquez) হার মানতে নারাজ। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। আল নাসের এখন শুধু গ্রুপের নয়, পুরো প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু আমরা মাঠে নামব ইতিবাচক মানসিকতা নিয়ে। জিততে চেষ্টা করব, না পারলে অন্তত ড্র!’