ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ের সুবাদে দল স্থান করে নিয়েছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে।

ইস্টবেঙ্গল মহিলা দল
শেষ আপডেট: 23 August 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল (East Bengal) মানেই ধারাবাহিক ব্যর্থতা। সর্বভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হতাশা ছাড়া কিছুই দেয়নি লাল-হলুদ সমর্থকদের। তবে পুরুষদের ব্যর্থতার মধ্যে আশার আলো দেখিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের মহিলা দল (Women’s Football Team)। সেই দল এবার খেলবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। সোমবার তারা এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের (AFC Women’s Champions League) ম্যাচে নামবে কম্বোডিয়ার ক্লাব ফনম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যে কম্বোডিয়া পৌঁছে গিয়েছে মশাল-ব্রিগেড।
ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল গত মরশুমে সাফল্যের শিখরে উঠেছিল। ঘরোয়া ফুটবলে কন্যাশ্রী কাপ জয়ের পর তারা জিতেছে ইন্ডিয়ান ওমেন্স লিগও। এর আগে বাংলার কোনও ক্লাব সর্বভারতীয় এই টুর্নামেন্ট জিততে পারেনি। ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ের সুবাদে দল স্থান করে নিয়েছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে। ইন্ডিয়ান ওমেন্স লিগে দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাঁর অধীনেই কল্যাণীতে আবাসিক প্রস্তুতি শিবির সেরেছে ইস্টবেঙ্গল।
এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠন শুরু করে দিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারকে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সৌম্যা গুগুলথের মতো প্রাক্তনরাও রয়েছেন। ভারতীয় দলের তারকা সঙ্গীতা বাসফোর এই দলের অন্যতম ভরসা। কল্যাণীর সঙ্গীতার করা দুই গোলেই ভারত শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে উঠেছে।
𝗖𝗔𝗠𝗕𝗢𝗗𝗜𝗔 𝗖𝗔𝗟𝗟𝗜𝗡𝗚 ✈️🇰🇭#JoyEastBengal #AWCL #MoshalGirlsInAsia pic.twitter.com/WU5L3m8nl9
— East Bengal FC (@eastbengal_fc) August 22, 2025
এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের স্কোয়াড
গোলরক্ষক:পান্থোই চানু, মামণি দাস।
ডিফেন্ডার: সরিতা ইউমনাম, সুপ্রিয়া কিসপোতা, রিয়া সরকার, বন্দনা দাস, সুইটি দেবী, সাথী দেবনাথ, আবেনা, মাউরিন টোভিয়া ওকপালা, সুস্মিতা দাস।
মিডফিল্ডার:সিল্কি দেবী, কার্তিকা আঙ্গামুথু, সঙ্গীতা বাসফোর, দীপিকা পাল, শ্রাবনী।
ফরোয়ার্ড: আমনাহ, সৌম্যা গুগুলথ, সুলঞ্জনা রাউল, সন্ধ্যা মাইতি, ফাজিলা ইকওয়াপুথ, রেস্টি নানজিরি।