মোহনবাগানে খেলার স্বপ্ন সব ভারতীয় ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন এবার সফল হল।

মেহতাব সিং
শেষ আপডেট: 23 August 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলির পর বর্তমানে যে ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, তিনি হলেন মেহতাব সিং (Mahatab Singh)। জাতীয় দল ও মুম্বই এফসির এই তারকা এবার খেলবেন সবুজ-মেরুন জার্সিতে। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে মেহতাবের যোগদানের কথা জানানো হয়েছে। এদিন বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই মেহতাবের সঙ্গে চুক্তি (Contract) করেছে ক্লাব।
মুম্বই এফসির হয়ে দু’বার লিগ ও শিল্ডজয়ী এই ফুটবলারের উত্থান অবশ্য ইস্টবেঙ্গলের জার্সিতে। এক সময় লাল-হলুদ ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন তিনি। জাতীয় দলের স্টপার মেহতাব স্টপার ছাড়াও খেলতে পারেন সাইড ব্যাক পজিশনে। কলকাতায় ইস্টবেঙ্গল জার্সিতে প্রায় চারবছর খেলেছেন এই ডিফেন্ডার। তাই ময়দানের বড় দলের সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞ। জানেন কী ভাবে চাপ সামলাতে হয়।
মেহতাবের আগমনে মেরিনার্স কোচ হোসে মোলিনার দলের রক্ষণের শক্তি অনেকটাই বাড়বে। মোলিনার হাতে এবার ডিফেন্সে অনেক বিকল্প রয়েছে। মেহতাব তার সর্বশেষ সংযোজন। ক্লাব সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলেই তিনি অনুশীলনে যোগ দেবেন।
মেহতাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে মোহনবাগানের। সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ার পর ২৭ বছর বয়সি এই ডিফেন্ডার বললেন, “মোহনবাগানে খেলার স্বপ্ন সব ভারতীয় ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন এবার সফল হল। মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল। দলে ভাল মানের বিদেশি ও জাতীয় দলের সেরা ফুটবলাররা খেলেন। কোচও অত্যন্ত সম্মানীয় ও অভিজ্ঞ। ভারতীয় ফুটবলে মোহবাগানের সুনাম ও সাফল্য প্রশ্নাতীত। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার অধীনে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে এসেছি। ক্লাবের টিম ম্যানেজমেন্টও খুব ভাল। ওরা স্বপ্ন দেখতে জানে।”
মেহতাব আরও বলেন, “মুম্বই এফিসর হয়ে আমি আইএসএলের লিগ ও শিল্ড দুইবার করে জিতেছি। চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি। সেই অভিজ্ঞতা এবার প্রথম দিন থেকেই কাজে লাগবে। কারণ আমাদের প্রথম ম্যাচই (১৬ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের। মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেব। চেষ্টা করব দলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে।”
ফের কলকাতায় ফিরছেন মেহতাব। তবে এবার অন্য দলের জার্সিতে। সেই প্রসঙ্গে এই ডিফেন্ডার বলেছেন, “কলকাতায় খেলার মজাই আলাদা। আর মোহনবাগানের সভ্য-সমর্থকরা তো দেশের সেরা। তাঁদের প্যাশান ও আবেগ সম্পর্কে আমি সবই জানি। ডার্বির মজাই আলাদা। এবার সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই। স্বপ্ন ও লক্ষ্য না থাকলে কোনও ফুটবলার সফল হতে পারে না। আমি স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে এবার আরও কিছু ট্রফি যুক্ত হবে। আমার প্রথম লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে জেতা।”