মঙ্গলবার বারাকপুরে জর্জকে হারানোর পর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ
শেষ আপডেট: 26 August 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা ভাল না হলেও কলকাতা লিগে ক্রমশ এগোচ্ছে লেসলি সরণি ক্লডিয়াস সরণির ক্লাব। এদিন ইস্টবেঙ্গেলর সামনে খড়কুটোর মতো উড়ে গেলে আইএফএ সচিব অনির্বাণ দত্তর পারিবারিক ক্লাব। লাল-হলুদ ব্রিগেড জর্জ টেলিগ্রাফকে হারাল ৪-০ গোলে।
ডুরন্ড সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল অস্কার ব্রুজোঁর ছাত্রদের। কিন্তু কলকাতা লিগে জ্বলছে মশাল। তবে মঙ্গলবার ইস্টবেঙ্গল জিতলেও হেরে গিয়েছে ডায়মন্ড হারবার। গ্রুপ বি-র ম্যাচে তারা হেরেছে ইউনাইটেড স্পোর্টসের কাছে।
এদিন প্রথম একাদশে দেবজিৎ মজুমদার, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো মূল দলের তারকাদের রেখেই দল সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। আর সায়ন-বিষ্ণু জুটিতেই ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল। বিষ্ণু করলেন দু’টি গোল আর সায়ন একটি। দু’জনের কম্বিনেশন অবশ্য কাজ করল দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি বিনোর ছাত্ররা। ৬৮ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কেরলিয়ান স্ট্রাইকার বিষ্ণু। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বিষ্ণু। সংযুক্ত সময়ে আরও একটি গোল করে পদ্মা পাড়ের ক্লাব। এবার গোলদাতা মনোতোষ মাজি। এর মধ্যে অবশ্য পেনাল্টি মিস করেন ডেভিড।
মঙ্গলবার বারাকপুরে জর্জকে হারানোর পর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে দ্বিতীয় স্থানে পুলিশ এবং তৃতীয় স্থানে সুরুচি সংঘ। মোহনবাগান রয়েছে ষষ্ট স্থানে।
মঙ্গলবারের অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভবানীপুরও। পুলিশকে ৪-০ গোলে হারিয়ে বি গ্রুপের তৃতীয় স্থান ধরে রেখেছে তারা। তবে বি গ্রুপের অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ইউনাইটেড স্পোর্টস। আর ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভবানীপুর রয়েছে তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে থাকা ডায়মন্ড হারবারের ৯ ম্যাচে পয়েন্ট ১৮।