এদিন জিতলেই গ্রুপ শীর্ষে, তাই কোনও ঝুঁকি নিতে চাননি মশাল বাহিনীর কোচ বিনো জর্জ। সিনিয়রদের রেখেই দল নামিয়েছিলেন তিনি।

ইস্টবেঙ্গল বনাম কালীঘাট এমএস
শেষ আপডেট: 29 August 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়র ডিভিশনের এ গ্রুপে সাপ-লুডোর খেলা ভালই চলছে। বিশেষত প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে কড়া টক্কর চলছে ইস্টবেঙ্গল ও পুলিশের মধ্যে। একবার লাল-হলুদ এগিয়ে যায় তো পরের ম্যাচেই পুলিশ এসি। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে টেবিল শীর্ষে থেকেই সুপার সিক্সের রাস্তা পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। তবে, পুলিশ যদি নিজেদের শেষ ম্যাচে জিতে যায়, তারাও পয়েন্টের ক্ষেত্রে (১১ ম্যাচে ২৪) ইস্টবেঙ্গলকে ছুঁয়ে ফেলবে। যদিও গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে লাল-হলুদ।
শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাটকে ইস্টবেঙ্গল হারিয়েছে (East Bengal vs Kalighat Milan Sangha) ৩-১ গোলে। এদিন জিতলেই গ্রুপ শীর্ষে, তাই কোনও ঝুঁকি নিতে চাননি মশাল বাহিনীর কোচ বিনো জর্জ। সিনিয়রদের রেখেই দল নামিয়েছিলেন তিনি। শুরু থেকেই আক্রমণ শুরু করে বিনোর ছাত্ররা। অবশেষে ২৫ মিনিটে পদ্মা পাড়ের ক্লাবকে এগিয়ে দেন ডেভিড। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে বিনোর ছাত্ররা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুইতে পেকা। স্রোতের বিপরীতে গিয়ে ৬৮ মিনিটে পেনাল্টি পায় কালীঘাট। পেনাল্টি থেকে গোল করে কালীঘাটের পক্ষে স্কোরলাইন ১-২ করেন পরিবর্ত নামা দেবদত্ত। ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের শ্যামল বেসরা গোল করে কালীঘাটের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ৩-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।