
যুবভারতীর সেই গ্যালারি
শেষ আপডেট: 31 August 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ও নর্থইস্ট ইউনাইটেড। এদিনও কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সমর্থকরা। টিফো নিয়ে বঝিয়ে দিলেন, ভয় নেই প্রতিবাদ করতে জানেন তাঁরা।
খেলা শুরু হওয়ার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে হল সমাপ্তি অনুষ্ঠান। আকাশে চক্কর কাটল সেনাবাহিনীর হেলিকপ্টার। তাতে ছিল ভারতের জাতীয় পতাকা। আর গ্যালারি ছিল টিফোয় ভরা। সেখানে লেখা, ' তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি'। অন্যদিকে নির্যাতিতার বিচার চেয়ে ছন্দ মিলিয়ে লেখা,
'যাঁদের অতীত সোনায় মোড়া
বাবলু চুনী মান্না
তাদের রাতের ঘুম কেড়েছে
তিলোত্তমার কান্না
রক্তচক্ষু ভয় পাই না
বোনের বিচার চাই
দোষীর মুখোশ খুলব টেনে
থামার প্রশ্ন নাই'।
প্রসঙ্গত, প্রতিবাদ আটকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে টিফো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানান হয়েছিল ডুরান্ড কাপ আয়োজকদের কাছে। সেই মতো টিফোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে হয় জনস্বার্থ মামলা। সেই শুনানিতে বিচারপতি রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, কেন টিফো ব্যবহার করা যাবে না। উত্তরে তিনি জানান, "বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক।" যদিও এই দাবি মানতে চায়নি আদালত।
পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের জানায়, ফুটবলের উন্মাদনা ও খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করে এই টিফো। তাই তাতে নিষেধাজ্ঞা জারি করা যাবে না। তারপরই টিফো নিয়ে সেমি ফাইনালে প্রতিবাদে সোচ্চার হয় ফুটবল সমর্থকরা। এবার সেই ধারা অব্যাহত রেখেই ডুরান্ডের ফাইনালে আরজি কর ইস্যুতে সোচ্চার হল যুবভারতীর গ্যালারি।