প্রতিটি দলের একটাই আর্জি, চূড়ান্ত অবস্থানের আগে আলাদা করে প্রেজেন্টেশন, দুই বিডারের সঙ্গে সরাসরি আলোচনা হোক। তারপর সময় নিয়ে সিদ্ধান্ত।
.jpeg.webp)
গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান
শেষ আপডেট: 29 March 2026 14:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ নির্ধারণের বড় সিদ্ধান্তের আগে শুরু হল জোরালো টানাপড়েন। আইএসএল ক্লাবগুলো (ISL Clubs) সরাসরি চিঠি দিয়ে জানাল, এআইএফএফ (AIFF) যেন এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়। কারণ, যেটা ঠিক হতে চলেছে, সেটা শুধু চুক্তি নয়—আগামী বহু বছরের রূপরেখা।
কী নিয়ে এত বিতর্ক?
বিষয়টা বাণিজ্যিক স্বত্ব (Commercial Rights) সংক্রান্ত। আইএসএল (ISL) ও ফেডারেশন কাপের (Federation Cup) যৌথ স্বত্ব দীর্ঘমেয়াদে নতুন করে দেওয়া হবে। দু’টি বড় সংস্থা দৌড়ে—ফ্যানকোড (FanCode) ও জিনিয়াস স্পোর্টস (Genius Sports)। জানা যাচ্ছে, জিনিয়াস প্রায় ২১০০ কোটির বেশি টাকার প্রস্তাব দিয়েছে আসছে ২০ বছরের জন্য। ফ্যানকোডের অফার তুলনায় অনেকটা কম। টাকার অঙ্ক বড়। কিন্তু প্রশ্ন শুধু অর্থে আটকে নেই—কে কীভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।
ক্লাবগুলোর অভিযোগ কোথায়?
আইএসএল ক্লাবগুলোর দাবি, পুরো প্রক্রিয়ায় তাদের মতামত নেওয়া হয়নি। বিড খোলার মাত্র ১২ ঘণ্টা আগে নথি হাতে এসেছে। এই সময়ের মধ্যে এত বড় বিষয়ে মত দেওয়া সম্ভব নয়। তাই সরাসরি অনুরোধ—এখনই যেন কোনও ‘বাইন্ডিং’ সিদ্ধান্ত নেওয়া না হয়। প্রত্যেক বিডারের পরিকল্পনা, ব্যবসার মডেল, ভবিষ্যৎ ভাবনা—সব বুঝে নেওয়ার সময় জরুরি।
শুধু টাকা নয়, ভবিষ্যতের প্রশ্ন
এই চুক্তি স্রেফ ব্যবসায়িক সিদ্ধান্ত নয়। যে সংস্থা স্বত্ব পাবে, তার হাতে থাকবে লিগের কাঠামো, আয়, সম্প্রচার, দর্শক টানার কৌশল—সবকিছু। অর্থাৎ, এই একটি চুক্তির উপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। এখানে তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি—সমস্ত ক্লাব সম্মিলিতভাবে চিঠিতে এই আশঙ্কা তুলে ধরেছে।
এআইএফএফ কী করবে?
এআইএফএফ (AIFF) আজ, রবিবার বৈঠকে বসছে। সেখানে নতুন অংশীদারের নাম ঘোষণা হতে পারে। তবে প্রতিটি দলের একটাই আর্জি, চূড়ান্ত অবস্থানের আগে আলাদা করে প্রেজেন্টেশন, দুই বিডারের সঙ্গে সরাসরি আলোচনা হোক। তারপর সময় নিয়ে সিদ্ধান্ত। এখন দেখার, ফেডারেশন এই অনুরোধে কতটা কান দেয়।