১১১৩.৮ পয়েন্ট নিয়ে মেন ইন ব্লুজ এখন ১৩৪ নম্বরে। ভারতের এর আগে পয়েন্ট ছিল ১১১৩.২২।

মেন ইন ব্লুজ
শেষ আপডেট: 18 September 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: খালিদ জামিলের আমলে ভারতীয় ফুটবলের (Indian Football) হতশ্রী চিত্র কিছুটা হলেও বদলেছে। জিততে ভুলে যাওয়া মেন ইন ব্লুজ র্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে থাকা তাজাকিস্তান ও ওমানকে হারিয়ে কাফা কাপে ব্রোঞ্জ জিতেছে। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে খালিদের ছেলেরা টাইব্রেকারে হারিয়েছিল ওমানকে। বহু দিন পর সাফল্য এলেও ফিফা র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) আরও এক ধাপ পতন হল ভারতের। ১১১৩.৮ পয়েন্ট নিয়ে মেন ইন ব্লুজ এখন ১৩৪ নম্বরে। ভারতের এর আগে পয়েন্ট ছিল ১১১৩.২২।
এদিকে ১১ বছর পর হারানো স্থান ফিরে পেয়েছে স্পেন। আর্জেন্টিনাকে টপকে তারা এখন ফিফা ক্রমতালিকার শীর্ষে। টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার পুরস্কার পেলেন পেদ্রি, ইয়ামালরা। ২০২৩ সালের ২৩ মার্চের পর থেকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন অপরাজিত রয়েছে।
মেসির দেশকে অবশ্য শুধু স্পেনই ছাড়িয়ে যায়নি, আর্জেন্টিনাকে পিছনে ফেলে দিয়েছে ফ্রান্সও। আর্জেন্টিনা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ইংল্যান্ড। একধাপ নেমে পেলের দেশ ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। পর্তুগাল উঠে এসেছে পঞ্চম স্থানে। সপ্তম থেকে দশম স্থানে যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি। তিন ধাপ নেমে জার্মানি রয়েছে ক্রমতালিকায় ১২ নম্বরে।