জাপানের এই স্ট্রাইকার ২০১১ সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসিতে যোগ দেন। সেভিয়ার হয়ে মাঠেও নেমেছিলেন তিনি।

হিরোশি ইবুসুকি
শেষ আপডেট: 18 September 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মরশুমের ক্রমাগত ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal)। ইনভেস্টর ও ক্লাব কর্তারা মিলে ঢেলে দল সাজাচ্ছেন। বেশিরভাগ পুরনো বিদেশিদের বাতিল করে নতুনদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। এবার লা লিগায় খেলা জাপানের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে (Japanese Forward, Hiroshi Ibusuki) সই করাল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি অনুযায়ী ইবুসুকি ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ শিবিরে থাকবেন। জাপানের এই স্ট্রাইকার ২০১১ সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসিতে যোগ দেন। সেভিয়ার হয়ে মাঠেও নেমেছিলেন তিনি। তবে তাঁর শেষ ক্লাব ছিল অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি। নিজের কেরিয়ারে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ১২০টিরও বেশি।
ইবুসুকিকে লাল-হলুদ পরিবারে স্বাগত জানিয়ে ইমামি ইস্ট বেঙ্গল এফসির ফুটবল প্রধান মিঃ থাংবোই সিংতো বলেন, "শীর্ষ-স্তরের লিগে হিরোশি একজন সফল ফুটবলার। তাঁর গোল-স্কোরিং রেকর্ড, তাঁর পেশাদারিত্ব এবং সাফল্যের খিদে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।"
ইবুসুকি ২০০৯ সালে স্পেনের গিরোনা এফসির সঙ্গে তাঁর ইউরোপীয় অভিযান শুরু করার আগে জাপানের কাশিওয়া রেসোলের যুব দলে খেলেছেন। গিরোনা ছাড়াও তিনিরিয়াল জারাগোজা বি এবং সিই সাবাদেলের হয়েও খেলেছেন।
২০১১ সালে, ইবুসুকি সেভিলা এফসিতে যোগ দেন এবং তাদের রিজার্ভ দলের সঙ্গে প্রথম মরশুম কাটান। রিয়াল বেতিসের মতো লা লিগার শক্তিশালী দলের বিপক্ষে তিনি সেভিলার সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। এরপর তিনি বেলজিয়ামের কেএএস ইউপেন এবং ভ্যালেন্সিয়া সিএফের রিজার্ভ দলের জার্সিতেও খেলেছেন।
২০১৪ সালে জাপানে ফিরে, ইবুসুকি আলবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাইটেড চিবা, শোনান বেলমার এবং শিমিজু এস-পালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে গোল করার রেকর্ড রয়েছে তাঁর নামে। ২০২২ সালে তিনি যোগ দেন অস্ট্রেলিয়ান এ-লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডে। তিনি এই ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ইবুসুকির জাপানের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২২ জাতীয় দলের হয়েও খেলেছেন।
মশাল ব্রিগেডের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, "হিরোশি একজন অভিজ্ঞ এবং ক্লাসিক সেন্টার-ফরোয়ার্ড। তাঁর খেলার ধরন, শারীরিক উপস্থিতি, এরিয়াল বলে দক্ষতা, ও তাঁর অভিজ্ঞতা আমাদের সম্পদ হয়ে উঠবে।"
রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে যোগ দিতে পেরে আনন্দিত ইবুসুকি বলেছেন, "এই ক্লাবের রয়েছে অবিশ্বাস্য ইতিহাস। ইস্টবেঙ্গলের ফ্যান বেস সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি এই দলের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। জয় ইস্টবেঙ্গল।"