২০৩০ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার তিন মহাদেশ জুড়ে হবে। সম্প্রতি অন্যতম আয়োজক মরক্কো পরিকাঠামো ও পর্যটনে বড়সড় বিনিয়োগ করলেও এই বিতর্ক বিশ্বকাপের প্রস্তুতির উপর দীর্ঘ ছায়া ফেলছে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 20 February 2026 15:37
দ্য ওয়াল ব্যুরো: ২০৩০ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2030) আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু টুর্নামেন্টের সহ-আয়োজক মরক্কো (Morocco) এখন আন্তর্জাতিক চাপে কোণঠাসা। অভিযোগ—বিশ্বকাপের আগে শহর ‘পরিষ্কার’ করার নামে নির্বিচারে পথকুকুর নিধন শুরু হয়েছে। প্রাণী-কল্যাণ সংগঠনগুলির দাবি, প্রতি বছরই নাকি লাখা লাখ কুকুর মারা হচ্ছে। যদিও মরক্কো সরকার এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। যারা স্পেন (Spain) ও পর্তুগালের (Portugal) পাশাপাশি যৌথভাবে প্রতিযোগিতা আয়োজনের বরাত পেয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে আরও তীব্র হয়েছে বিতর্ক ।
‘কিল সেন্টার’ অভিযোগের তদন্তে চাঞ্চল্য
ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশনের (International Animal Welfare and Protection Coalition বা IAWPC) দাবি, ২০২৩ সালে মরক্কো বিশ্বকাপের আয়োজক ঘোষিত হওয়ার পর থেকেই নিধনের মাত্রা বেড়েছে। তাদের ৯১ পাতার রিপোর্টে গুলি, বিষপ্রয়োগ, এমনকি আগুনে পোড়ানোর মতো অভিযোগের উল্লেখ রয়েছে।
এ ছাড়াও একাধিক প্রতিবেদনে সম্মিলিত উল্লেখ, মারাকেশের উপকণ্ঠে একটি গোপন কেন্দ্র রয়েছে, যেখানে রাস্তার কুকুরদের ধরে-বেঁধে নিয়ে যাওয়া হয়। কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্য—ধাতব ফাঁস ও ক্ল্যাম্প দিয়ে কুকুর পাকড়াও করে ভ্যানে তোলা হচ্ছে। তারপর গুলিপ্রয়োগে বা বিষ দিয়ে নির্মম হত্যা! ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়েছে একাধিক ভিডিও। যদিও এই সব ছবি ও ক্লিপের সিংহভাগই স্বাধীন ও সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শিউরে ওঠার মতো এই খবর সামনে আসতেই বাকি দুনিয়া গর্জে উঠেছে। সরব হলিউডও। অভিনেতা মার্ক রাফালো (Mark Ruffalo) এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য লক্ষ লক্ষ কুকুর হত্যা প্রগতি নয়, নৈতিক ব্যর্থতার প্রমাণ!’ তাঁর এই মন্তব্যের পর বিতর্ক আরও জোরদার হয়েছে, পেয়েছে আন্তর্জাতিক মাত্রাও।
সরকারের অস্বীকার, আইনের খসড়া
লন্ডনে মরক্কোর দূতাবাস অভিযোগ অস্বীকার করেছে। বক্তব্য, তারা মানবিক ও টেকসই প্রাণী-পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে গত অগস্টে একটি খসড়া আইন আনা হয়েছে। যেখানে পথপ্রাণীকে ইচ্ছাকৃতভাবে হত্যা বা নির্যাতন করলে জেল ও জরিমানার প্রস্তাব রয়েছে। যদিও সমালোচকদের দাবি, একই খসড়ায় পথপ্রাণীকে আশ্রয় দেওয়া বা খাওয়ানোর ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে—যা মানবিকতার বিরোধী! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জলাতঙ্কের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বটে, কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মত, এভাবে নির্বিচারে হত্যা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। এতে ‘ভ্যাকুয়াম ইফেক্ট’তৈরি হয়—এক দল সরালে নতুন, টিকাহীন কুকুর এসে জায়গা নেয়।
ফিফার নজর, বাড়ছে চাপ
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) জানিয়েছে, মরক্কোর বিডে প্রাণী-সুরক্ষার প্রতিশ্রুতি ছিল। তাই এমত পরিস্থিতিতে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং মরক্কোর ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে। আইএডব্লিউপিসি-র বিশেষজ্ঞ প্যানেলও সুপারিশ জমা দিয়েছে। কর্মীদের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ফিফার ভাবমূর্তিতেও আঘাত লাগবে। ফলে আয়োজনের শর্ত ভঙ্গের প্রশ্নও উঠতে পারে।
২০৩০ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার তিন মহাদেশ জুড়ে হবে। সম্প্রতি অন্যতম আয়োজক মরক্কো পরিকাঠামো ও পর্যটনে বড়সড় বিনিয়োগ করলেও এই বিতর্ক বিশ্বকাপের প্রস্তুতির উপর দীর্ঘ ছায়া ফেলছে।