জুভেন্তাসে ঘরোয়া সাফল্য এলেও ইউরোপিয়ান মঞ্চে কাঙ্ক্ষিত ট্রফি ছুঁতে পারেননি সিআরসেভেন।
.jpeg.webp)
রোনাল্ডো
শেষ আপডেট: 20 October 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: অমিত প্রতিভার আড়ালে কঠোর পরিশ্রম। হাত ধরাধরি করে চলেছে। দুই মিলেমিশে গড়ে তুলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। তিনি নিয়মানুবর্তী। সময়ের আগেই নাকি ট্রেনিংয়ে আসেন। নিজের পুরোটা দেন উজাড় করে। এতশত প্রশস্তির আড়ালে এবার অন্য গল্প শোনালেন একদা সতীর্থ জিয়ানলুকা ফ্রাবোত্তা (Gianluca Frabotta)। জানালেন, একবার নাকি অনুশীলন চলতে চলতে হঠাৎ ঘাস তুলেই চিবাতে শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! ঘটনার সাক্ষী তিনি। এতদিন বাদে ফাঁস করলেন এই অদ্ভুত ঘটনার আসল রহস্য।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে যোগ দেন সিআরসেভেন। তিন মরশুমে সেরি আ (Serie A) ও কোপা ইতালিয়া (Coppa Italia) জিতেছিলেন বটে, কিন্তু কোচ মৌরিজিও সারির (Maurizio Sarri) সঙ্গে সম্পর্কটা নাকি ঠিক জমেনি। ২০১৯–২০ মরশুমে তাঁদের দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল তখনই।
সেই সময়ের এক ঘটনার কথা তুলে ধরে ফ্রাবোত্তা বলেন, ‘রোনাল্ডো প্রতিদিনই অনুশীলনে অনুপ্রেরণা দিত। সারির ট্যাকটিকাল সেশনে একটা মুহূর্ত আজও মনে আছে। কোচ আমাদের কর্নার কিকের (Set Pieces) মুভমেন্ট বুঝিয়ে দিচ্ছিলেন। রোনাল্ডোর তা মনে ধরেনি। বক্তব্য, এই নির্দেশ ওর দরকারই নেই। বল কোথায় পড়বে, এটা নাকি ও খুব ভাল বুঝতে পারে!’
এরপরই ঘটে সেই ‘ঘাস–চিবানো’ মুহূর্ত। ফ্রাবোত্তার ভাষায়, ‘ও হঠাৎ কিছু ঘাস তুলে সেটা শুঁকে, তারপর মুখে পুরে দেয়। যেন বোঝাতে চায়—আমি মাঠের ঘ্রাণ থেকেই বুঝে নিতে পারি, কী করতে হবে!’ এই আচরণকে রোনাল্ডোর স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবেই দেখছেন ফ্রাবোত্তা। তাঁর সংযোজন, ‘ওর সঙ্গে মাঠে নামা আমার জীবনের গর্ব। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতাম, ভাবতেও পারিনি একদিন রোনাল্ডোর সঙ্গেও ময়দানে দেখা হবে!’
জুভেন্তাসে ঘরোয়া সাফল্য এলেও ইউরোপিয়ান মঞ্চে (Champions League) কাঙ্ক্ষিত ট্রফি ছুঁতে পারেননি সিআরসেভেন। তিন মরশুমে তাঁর গোলসংখ্যা ১০১, সঙ্গে ২৮টি অ্যাসিস্ট (Assists)। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জেতার স্বপ্ন পূরণ হয়নি।