লিস্টন এবার যে খেলাটা খেলছে, তা যদি ডার্বিতেও বজায় রাখতে পারে, তবে মোহনবাগানের জয় নিশ্চিত।

শিল্টন পাল
শেষ আপডেট: 16 August 2025 19:16
রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইস্টেবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohunbagan)। আর সেই নিয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছেন দুই দলের সমর্থকরা। ৭৯তম স্বাধীনতা দিবসের দু’দিন পরে ডার্বি নিয়ে দ্বিখণ্ডিত হতে চলেছে বাংলা।
টিকিটের জন্য চলছে হাহাকার। যাঁরা পেয়েছেন, তাঁরা মনে করছে লটারি জিতে গিয়েছেন। দুই দলের সমর্থকদেরই ব্যানার-টিফো প্রায় প্রস্তুত। এখন অপক্ষা রবিবার সন্ধের। একটাই গন্তব্য সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম। মোহনবাগান সমর্থকরা অবশ্য অনেক বেশি আত্মবিশ্বাসী। কারণ সর্বভারতীয় টুর্নামেন্ট মানেই তাঁদের কাছে সেই স্লোগান, যতবার ডার্বি, ততবার হারবি।
তবে, এবার লাল-হলুদ শিবির অবশ্য অনেকটাই গোছানো। দলের প্রতিটি জায়গায় ভারসাম্য রয়েছে। নতুন ফুটবলাররাও ক্রমশ মানিয়ে নিচ্ছেন। এবারের বিদেশিরাও সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন। তবে কালকের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না প্যালেস্তাইনের মহম্মদ রশিদকে। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে পা রেখেই তিনি সমর্থকদের মন জিতে নিয়েছেন। কিন্তু শুক্রবার তাঁর বাবার মৃত্যু হওয়ায় দেশে ফিরে গিয়েছেন তিনি। তবুও ডার্বি জেতার আশায় প্রহর গুণছে মশাল ব্রিগেড।
এবারের ডুরান্ড কাপে কলকাতার দুই প্রধানই এখন পর্যন্ত অপরাজেয়। গ্রুপ পর্বের তিনিটি ম্যাচ জিতেই শেষ আটে উঠেছে তারা। ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানও দুরন্ত ফুটবল খেলেছে। তাই প্রাক্তন ফুটবলাররা এবার কোনও দলকেই সেভাবে এগিয়ে রাখতে চাইছেন না। তবে মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল (Shilton Paul) সাফ জানিয়ে দিয়েছেন, এবারেও ডার্বি জিতবে মোহনবাগান।
মোহনবাগানের হয়ে আই-লিগ জয়ী গোলরক্ষক শিল্টন দ্য ওয়াল-কে জানিয়েছেন, “দুটো দলই এবার একই মানের খেলা খেলছে। গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গলকে যে ভাবে দেখেছিলাম, এবার তার থেকে অনেক গোছানো। দলে নতুন যারা এসেছে, তারা প্রত্যেকেই ভাল খেলছে। রক্ষণ, মাঝমাঠ ও আপফ্রন্টের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি করেছেন অস্কার ব্রুজোঁ। তাই ইস্টবেঙ্গলকে পিছিয়ে নেই।”
মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত শিল্টন পাল। ক্লাব নিয়ে আবেগ থাকলেও তিনি বাগানকে এগিয়ে রাখছেন প্রতিটি পজিশনে যোগ্য ফুটবলার থাকায়। বললেন, “ডুরান্ডে মোহনবাগান দারুণ খেলছে। তিনটি ম্যাচেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দলের তরুণ ফুটবলাররা নিজেদের মানিয়ে নিয়েছেন। প্রতিটি পজিশনেই যোগ্য ফুটবলার রয়েছেন। লিস্টন এবার যে খেলাটা খেলছে, তা যদি ডার্বিতেও বজায় রাখতে পারে, তবে মোহনবাগানের জয় নিশ্চিত। তবে আমি বিদেশিদের উপর নয়, ভরসা রাখছি দেশের ফুটবালরদের উপর। অভিষেক সিং এবার নতুন রিক্রুট। কিন্তু শুভাশিসের মতো ফুটবলারের অভাব ও ঢেকে দিয়েছে। মনবীর কাল খেলবে কি না, তা বলতে পারছি না। তবে ও খেললে আক্রমণের ধার আরও বাড়বে। বিদেশিরা সবে এসেছে। এখনও তারা পুরোপুরি ম্যাচ ফিট হয়নি। দেশীয় ব্রিগেডই আমাদের জেতাবে।”