বোর্ড কেন্দ্রীয় চুক্তির আওতায় খেলোয়াড়দের দেওয়া অর্থের কিছু অংশ কমানোর পথে হাঁটতে চলেছে, যার মধ্যে রয়েছে আইসিসির রাজস্বের অংশ থেকে প্রদত্ত তিন শতাংশ অর্থ।

পাকিস্তান ক্রিকেট টিম
শেষ আপডেট: 16 August 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরাজয় পাকিস্তানকে অনেক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিশেষত তৃতীয় ম্যাচে পাকিস্তানের ২০২ রানে হার কেউই মেনে নিতে পারছেন না। প্রাক্তন পাক ক্রিকেটাররা বাবর আজমদের (Babar Azam) মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার রিজওয়ানদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাক ক্রিকেট বোর্ড (PCB)।
ওডিআই সিরিজের শুরুটা অবশ্য জয় দিয়েই শুরু করেছিল পাকিস্তান। কিন্তু তিন ম্যাচের সিরিজের পরের দু’টি হেরে যায় তারা। এই পরাজয়ের পর পিসিবি দল (Pakistan Cricket Team) নিয়ে খুবই ক্ষুব্ধ। কারণ ওয়েস্ট ইন্ডিজকে বর্তমানে খুব একটা শক্তিশালী দল হিসাবে বিবেচনা করা হয় না। এই দলের কাছে হেরে যাওয়া খুবই লজ্জাজনক বলে মনে করছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার খেলোয়াড়দের শাস্তি (Punishment) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের মতে, পিসিবি খেলোয়াড়দের বেতনে এবার কোপ বসাতে পারে। বোর্ড কেন্দ্রীয় চুক্তির আওতায় খেলোয়াড়দের দেওয়া অর্থের কিছু অংশ কমানোর পথে হাঁটতে চলেছে, যার মধ্যে রয়েছে আইসিসির রাজস্বের অংশ থেকে প্রদত্ত তিন শতাংশ অর্থ। দুই বছর আগে ক্রিকেটারদের বিদ্রোহের পর, পিসিবি আইসিসি থেকে তাদের আয়ের তিন শতাংশ খেলোয়াড়দের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
ওয়ানডে সিরিজের আগে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। তবে সম্প্রতিকালে ওয়ানডেতে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। এই বছর পাকিস্তান ১৪টি ওয়ানডে খেলেছে। যার মধ্যে তারা সাতটি ম্যাচ জিতেছে এবং একই সংখ্যক ম্যাচ হেরেছে।