এক কাপ ‘ওয়াইন+স্প্রাইটে’র অঙ্ক বুঝিয়ে দিল—লিওর প্রভাব স্রেফ মাঠে আটকে নেই। কখনও কখনও, একটা নিরীহ আড্ডাও বদলে দিতে পারে বিলিয়নের হিসেব।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 12 January 2026 14:30
দ্য ওয়াল ব্যুরো: তেমন কিছুই বলেননি। খোলামেলা সাক্ষাৎকারে কিছুটা লঘু মেজাজেই জানিয়েছিলেন তাঁর বিশেষ ‘আসক্তি’র কথা… রেড ওয়াইন! নির্জলা নয়। স্প্রাইট মিশিয়ে। বন্ধুবান্ধবদের সঙ্গে থাকেন যখন, আড্ডা মেজাজ, হুল্লোড়ের পরিবেশে, তখন মজে থাকার একটাই উপায়: ওয়াইন+স্প্রাইট। পেটে গেলেই মাথায় ‘হিট’ করে। মুহূর্তে। আর এভাবেই কন্ট্রোল হারিয়ে বেশ আমোদ খুঁজে পান তিনি… লিওনেল মেসি (Lionel Messi)!
এক-দু’লাইনের এই বক্তব্য। তার ক্লিপ ইতিমধ্যে ভাইরাল। প্রচুর লোক দেখেছে। অনেকে রিপোর্টে পড়েছে। কিন্তু তার ফসল, মুনাফা যে স্প্রাইটের মাদার কোম্পানি কোকা-কোলা (Coca-Cola) এত চটজলদি ঘরে তুলবে, ভাবতে পারেননি কেউই!
ঘটনাটা শুরু হয় আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম লুজু টিভি-কে (Luzu TV) দেওয়া এক ইন্টারভিউয়ে। প্রশ্ন একেবারেই হালকা—খেলার বাইরে, চাপমুক্ত সময়ে কী খেতে বা পান করতে ভালোবাসেন? উত্তরে আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা হেসে বলেন, ‘আমি ওয়াইন পছন্দ করি। তবে কখনও কখনও স্প্রাইট (Sprite) মিশিয়ে নিই। তখন তাড়াতাড়ি কাজ করে!’ ব্যস, এটুকুই।
কিন্তু এই ‘এতটুকু’ কথার অভিঘাত যে এত বড় হবে, তা হয়তো স্বয়ং মেসিও কল্পনা করেননি। সাক্ষাৎকার প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ‘ওয়াইন উইথ স্প্রাইট’ (‘Wine with Sprite’) মুহূর্তে ট্রেন্ড করতে শুরু করে। আর সেই ঢেউ গিয়েই লাগে শেয়ার বাজারে। আন্তর্জাতিক আর্থিক রিপোর্ট অনুযায়ী, সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর স্প্রাইটের ব্র্যান্ড ভ্যালু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিনিয়োগকারীদের নজর পড়ে কোকা-কোলা কোম্পানির (Coca-Cola Company) দিকে। অল্প সময়ের মধ্যেই সংস্থার শেয়ারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বাজারমূল্যে যোগ হয় কয়েক বিলিয়ন ডলার। সরাসরি কোনও বিজ্ঞাপন নয়, কোনও ব্র্যান্ড ডিল নয়—শুধু এক বিশ্বতারকার স্বাভাবিক, অকপট, লঘু মন্তব্যেই মার্কেট ধুন্ধুমার!
এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মেসি কেবল ফুটবল তারকা নন, তিনি এক চলমান ইকোনমিক ফোর্স! তাঁর পরা জুতো বিক্রি বাড়ায়, তাঁর নাম জড়ালে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বদলে যায়, আর এবার দেখা গেল—শেয়ার বাজার নড়ে যেতে যদি মেসি এক গ্লাস পানীয় নিয়ে টুকরো মন্তব্য করেন।
অথচ বাস্তব ছবি কিন্তু একেবারে আলাদা। মেসি নিজে নিয়মিত মদ্যপান করেন না। সাক্ষাৎকারেই স্পষ্ট করেছেন, খুবই মাঝেমধ্যে, বিশেষ পরিবেশে মাঝেসাঝে গ্লাস সাজান। তবে তাঁর নিজের নামে ওয়াইন ব্র্যান্ড রয়েছে (‘লিওনেল কালেকশন’ (Lionel Collection))। সেখানে নানা ধরনের প্রিমিয়াম আইটেম পাওয়া যায়। অর্থাৎ, ওয়াইনের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। নতুন হল—স্প্রাইটের সঙ্গে সেই সম্পর্কের প্রকাশ্য স্বীকারোক্তি।
মাঠের বাইরে এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে মেসি। দুর্দান্ত এক মরশুম কাটিয়ে ছুটিতে রয়েছেন ইন্টার মায়ামির (Inter Miami) তারকা। গত বছরে এমএলএস (MLS) জিতেছেন, করেছেন ৪০–এর বেশি গোল। সামনে আবার নতুন চ্যালেঞ্জ। কিন্তু তার আগেই, এক কাপ ‘ওয়াইন+স্প্রাইটে’র অঙ্ক বুঝিয়ে দিল—লিওর প্রভাব স্রেফ মাঠে আটকে নেই। কখনও কখনও, একটা নিরীহ আড্ডাও বদলে দিতে পারে বিলিয়নের হিসেব।