ইন্টার মায়ামি ২০২০ সালে লিগে ঢুকেছিল নতুন মুখ হিসেবে। ২০২৩–এ মেসির এন্ট্রি বদলে দেয় চেহারা। আর ২০২৫–এ সেই দলই ছিনিয়ে নিল ‘মেজর লিগ সকারে’র মুকুট।

ইন্টার মায়ামি
শেষ আপডেট: 7 December 2025 10:36
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের মতো এমএলএস কাপ (MLS Cup) জিতে নিল ইন্টার মায়ামি (Inter Miami)। ফ্লোরিডায় ভরা গ্যালারির সামনে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে (Vancouver Whitecaps) ৩-১ গোলে হারিয়ে ট্রফি তুলল ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাব। ম্যাচের নিয়ন্তা, স্বাভাবিকভাবেই, লিওনেল মেসি (Lionel Messi)।
শুরুতেই লিড পায় মায়ামি। সৌজন্যে অষ্টম মিনিটে এডিয়ার অকামপোর আত্মঘাতী গোল। কিন্তু দ্বিতীয়ার্ধে আলি আহমেদ সমতা ফেরাতেই তৈরি হয় চাপ। ভ্যাঙ্কুভার ছন্দে ফেরে। দু’বার শট পোস্টে লাগায় ভাগ্যের জোরে বেঁচে যায় মায়ামি।
এই অবস্থায় দলকে ম্যাচে ফেরান মেসি। মাঝমাঠে বল কাড়া, সামনে জায়গা তৈরি করা এবং ফাইনাল পাস বাড়ানো—সবেতেই চেনা ফর্মে! রদ্রিগো দে পলকে (Rodrigo De Paul) দিয়ে করান দ্বিতীয় গোল। একঝটকায় লড়াইয়ের মোড় ঘুরে যায়। ভ্যাঙ্কুভার আর ফিরে আসতে পারেনি। সংযুক্ত সময়ে গোল করেন তাদেও আলেন্দে (Tadeo Allende)। অ্যাসিস্ট বাড়ান সেই মেসি। ম্যাচের ফল ৩-১। ‘সহজ জয়’ বললে ভুল হবে। বলা যেতে পারে, মেসির সৌজন্যে কঠিন কাজটাই শেষমেশ সরল হল!
ম্যাচ শেষে স্বাভাবিকভাবে ‘এমএলএস কাপ এমভিপি’ নির্বাচিত হন আর্জেন্তিনীয় মহাতারকা। নিজে গোল না করেও দু’টি অ্যাসিস্ট এবং আরও একটি গোলের সূচনা বেঁধে দেওয়া—মেসির সৃজনশীলতাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। যে কারণে বেকহ্যামও স্বীকার করলেন, ‘অনেক নির্ঘুম রাত কেটেছে, কিন্তু বিশ্বাস কখনও হারাইনি। আজ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করলাম!’ অন্যদিকে ভ্যাঙ্কুভারের কোচ জেসপার সোরেনসেনর অকপট স্বীকারোক্তি, ‘ভুল করেছি, আর ওরা সুযোগ নিয়েছে। মেসিকে জায়গা দিলে শাস্তি মিলবে—এটাই সত্য!’
ম্যাচ শেষে কাপ হাতে অবসর নিলেন জর্দি আলবা ও সার্জিও বুসকেতস (Jordi Alba, Sergio Busquets)। মেসির দীর্ঘদিনের সতীর্থ। আবেগ চেপে লিও-র মন্তব্য, ‘দুই মহাতারকার বিদায়—তাদের জন্য এই জয় বিশেষ!’
ইন্টার মায়ামি ২০২০ সালে লিগে ঢুকেছিল নতুন মুখ হিসেবে। ২০২৩–এ মেসির এন্ট্রি বদলে দেয় চেহারা। আর ২০২৫–এ সেই দলই ছিনিয়ে নিল ‘মেজর লিগ সকারে’র মুকুট। একদিকে মায়ামির স্বপ্ন পূরণ। অন্যদিকে উজ্জ্বল মেসি। যিনি আবারও প্রমাণ করলেন, ফর্ম ছেড়ে যায়নি। বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত!