এই প্রজন্ম রিয়ালের ইউরোপ দাপট দেখে বড় হয়নি। বরং তারা বেড়ে উঠেছে ফুটবলকে ‘উপভোগ’ করতে করতে। তাই ক্লাসিকো এখন কাছে চাপের নয়, বরং মুক্তমঞ্চে ফ্রিস্টাইল দেখানোর আসর।

লামিন ইয়ামাল
শেষ আপডেট: 12 January 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: ‘কাকতালীয়’ বললে ভুল হবে। আবার শুধু ভাগ্য বা একটা-দু’টা ম্যাচে ফর্মে থাকার গল্পও নয়। সাম্প্রতিক ক্লাসিকোগুলোয় (El Clasico) বার্সেলোনা যেভাবে বারবার রিয়াল মাদ্রিদ-কে হারাচ্ছে, তাতে একটা স্পষ্ট ধারা চোখে পড়ে। এই চর্চিত আধিপত্যের কেন্দ্রে একাধিক স্তরের পরিবর্তন—মানসিকতা, কাঠামো এবং অতি অবশ্যই কোচিং দর্শন। রাতারাতি ক্লাবের সাংস্কৃতিক স্তরে একগুচ্ছ বদল এনেছেন কোচ হান্সি ফ্লিক। যে বদলের মুখ স্রেফ একজন—লামিন ইয়ামাল। বার্সা এখন আর রিয়ালের বিরুদ্ধে ‘হারতেও পারি’ এই ভয় নিয়ে নামে না। বরং উল্টো—বার্সা ব্রিগেড জানে, ম্যাচগুলো জেতা সম্ভব।
ভয় থেকে স্বাধীনতা: মানসিকতার আমূল বদল
একটা সময় ছিল, যখন রিয়ালের নাম শুনলেই বার্সেলোনার খেলায় অদ্ভুত জড়তা ঢুকে পড়ত। ম্যাচ জিতলেও মনে হত, ‘এই বুঝি সব ভেঙে পড়ল’। কিন্তু গত দু-তিন সিজনে সেই ছবি বদলে গিয়েছে। যে পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক লামিন ইয়ামাল। বয়সে নাবালক হলেও আচরণে ভয়ডরহীন। বার্নাবেউয়ে গোল করে দাঁতে লাগানো ব্লাউগ্রানা ব্রেস প্রদর্শন, ফাইনালের পর পদক হাতে নিয়ে একা দাঁড়িয়ে ক্লাব ক্রেস্টের দিকে আঙুল দেখানো—এসব কোনও পরিকল্পিত নাটক নয়… বরং, মানসিক স্বাধীনতার প্রকাশ।
এই প্রজন্ম রিয়ালের ইউরোপ দাপট দেখে বড় হয়নি। বরং তারা বেড়ে উঠেছে ফুটবলকে ‘উপভোগ’ করতে করতে। তাই ক্লাসিকো এখন কাছে চাপের নয়, বরং মুক্তমঞ্চে ফ্রিস্টাইল দেখানোর আসর। আর এখানেই ইয়ামালদের বার্সা আলাদা। তারা হারার ভয় নিয়ে নয়, জেতার আনন্দ নিয়ে খেলে।
লা মাসিয়া বনাম গ্যালাক্টিকো: দুই দর্শনের সংঘর্ষ
রিয়াল মাদ্রিদের বর্তমান দল একেবারে তারকায় মোড়া—কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম। আধুনিক গ্যালাক্টিকো প্রজেক্ট। উল্টোদিকে বার্সেলোনার শক্তি্র উৎস তাদের আঁতুড়ঘর। অর্থাৎ, খাস অ্যাকাডেমি, লা মাসিয়া (La Masia)। সেখান থেকে উঠে আসা ইয়ামাল, ফার্মিন লোপেজ, আলেহান্দ্রো বালদে, পাউ কুবার্সি—এরা কেউই ‘বাজারের বড় নাম’নয়। কিন্তু মাঠে নামলে প্রত্যেকে জানে, কোন জায়গাটা তাদের।
বার্সার আর্থিক সংকট—বিশ্ব ফুটবলের অন্যতম বড় ঋণ—তাদের ট্রান্সফার বাজারে হাত বেঁধে দিয়েছে। কিন্তু সেই বাধাই হয়ে উঠেছে সুযোগ। এই তরুণরা শুধু জায়গা পায়নি, দায়িত্বও নিয়েছে। রিয়ালের বিরুদ্ধে ফাইনালে একসঙ্গে এতজন লা মাসিয়া গ্র্যাজুয়েটের শুরু করা নিছক রোম্যান্টিক গল্প নয়, কাঠামোগত সাফল্য। মাঠে যা স্পষ্ট—একজন খেই হারালেও আরেকজন জানে কোথায় দাঁড়াতে হবে।
ফ্লিক ফ্যাক্টর: জয়ের অভ্যাস শেখা
এই বদলের আরেকটা বড় নাম হান্সি ফ্লিক। জাভি-র পর দায়িত্ব নিয়ে তিনি প্রথম যেটা করেছেন, সেটা কৌশল নয়—মনস্তত্ত্বগত পরিবর্তন। জার্মান কোচ এই তরুণ দলকে বোঝাতে পেরেছেন, ফুটবল উপভোগের বিষয়। ভুল করলে দুনিয়া ভেঙে পড়ে না। সামনে আবার ম্যাচ রয়েছে। এই দৃষ্টিভঙ্গিই বড় ম্যাচে সবচেয়ে জরুরি।
ফাইনালে পিছিয়ে পড়েও বার্সা যে ঘাবড়ে যায় না, তা আজ প্রমাণিত। আগে যেখানে লিড থাকলেও সংশয়ের বিষ বাসা বাঁধত, এখন পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস অটুট। রিয়ালের বিরুদ্ধে সাম্প্রতিক ফাইনালগুলোয় সেটাই দেখা গেছে। ম্যাচের গল্প যতই এদিক-ওদিক যাক, শেষ লাইনে বার্সেলোনা নামটাই লেখা থাকছে।
ইয়ামালই প্রতীক
আধিপত্যের আড়ালে শুধু একজন খেলোয়াড় নেই। রবার্ট লেওয়ানডস্কি, রাফিনিয়া-র মতো অভিজ্ঞরা ভারসাম্য রাখছেন। মাঝমাঠে তরুণদের সঙ্গে সিনিয়রদের বোঝাপড়া কাজ করছে। তবু প্রতীক হিসেবে ইয়ামাল আলাদা। কারণ, তিনি ভয় পেতে শেখেননি। আর সেই নির্ভীক, অকুতোভয় মেজাজই বার্সেলোনার নতুন পরিচয়।
তর্কযোগ্য হলেও, রিয়াল মাদ্রিদ এখনও ফুটবল-ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ক্লাব, ফাইনালের রাজা। কিন্তু এই মুহূর্তে ক্লাসিকোর গল্প বদলে গেছে। আপাতত প্রশ্নটা আর ‘বার্সা পারবে তো?’ নয়। সওয়াল দাঁড়াচ্ছে—রিয়াল কি এই নতুন, বেপরোয়া বার্সেলোনাকে রুখতে পারবে? উত্তর নয়, স্রেফ এই প্রশ্নটাই বলে দিচ্ছে—গাভিদের এই সাফল্য কাকতালীয় নয়। এটা পরিকল্পিত, মানসিক এবং নিখাদ কাঠামোগত পরিবর্তনের ফসল।