ন’জনের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় গোটা দ্বিতীয়ার্ধজুড়ে বার্সেলোনা নিয়ন্ত্রণ ধরে রাখে। মাঠে নামেন নতুন সাইনিং মার্কাস র্যাশফোর্ড। যদিও অতিরিক্ত সময়ে সব আলো কেড়ে নেন ইয়ামাল।

বার্সেলোনা
শেষ আপডেট: 17 August 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: লা লিগার (La Liga) নতুন মরশুমের প্রথম ম্যাচেই সহজ জয় পেল বার্সেলোনা (Barcelona)। শনিবার মায়োর্কায় (Mallorca) হান্সি ফ্লিকের (Hansi Flick) বাহিনী প্রায় এক ঘণ্টা খেলল নয়জন প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলও স্পষ্ট—৩-০ ব্যবধানের স্বস্তির জয়।
তবে এতে খুশি হতে পারলেন না কোচ হান্সি ফ্লিক। ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচার সংস্থা মোভিস্টার-কে বলেন, ‘তিন পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু খেলা ভাল হয়নি। আমরা দুই গোলে এগিয়ে যাওয়ার পর মায়োর্কা লাল কার্ড খেয়ে নয় জনে নেমে যায়। তবুও দল সর্বোচ্চ শক্তিতে খেলেনি, অর্ধেক জোর দেখাল। নয় জনের বিরুদ্ধে ৫০ বা ৬০ শতাংশে খেলা ঠিক নয়!’
যদিও গতরাতে বার্সার শুরুটা মন্দ হয়নি। সাত মিনিটের মাথায় লামিন ইয়ামালের ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন রাফিনহা। ২৩ মিনিটে দ্বিতীয় গোলের অ্যাসিস্ট বাড়ান ইয়ামাল। তাঁর শট হেডে ক্লিয়ার করতে গিয়ে মায়োর্কা ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো পড়ে যান। কিন্তু রেফারি খেলা থামাননি। সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে শট নেন ফেরান তোরেস। বল সরাসরি জালে!
এই নিয়ে বিতর্ক দানা বাঁধলেও ফ্লিকের জবাব, ‘আমি সবসময় বলি, যতক্ষণ রেফারি খেলা থামাচ্ছেন না, আমাদের খেলে যেতে হবে। রেফারি বাঁশি বাজাননি। তাই গোল হয়েছে। তবে প্রতিপক্ষ যে অসন্তুষ্ট—সেটা আমি বুঝতে পেরেছি!’
ঘটনার ঢেউ আছড়ে পড়ে মাঠে। রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান মানু মোরলানেস। দশ মিনিটের মধ্যে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে ময়দান ছাড়েন। ৩৯ মিনিটে মায়োর্কার কপালে দু’নম্বর ধাক্কা। ডেবিউ ম্যাচে বল ক্লিয়ার করতে ঝাঁপিয়েছিলেন বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া। সেই সময় ভেদাত মুরিকির উঁচু বুট গিয়ে লাগে তাঁর গালে। সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ন’জনের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় গোটা দ্বিতীয়ার্ধজুড়ে বার্সেলোনা নিয়ন্ত্রণ ধরে রাখে। মাঠে নামেন নতুন সাইনিং মার্কাস র্যাশফোর্ড। যদিও অতিরিক্ত সময়ে সব আলো কেড়ে নেন ইয়ামাল। ফের একবার। ডান দিক থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেই বাঁ-পায়ে বাঁকানো শটে জাল কাঁপান। ইয়ামাল-বন্দনায় অকপট ফ্লিক। বলেছেন, ‘ও প্রতিদিনই নতুন চমক দেয়। অসাধারণ প্রতিভা!’
শনিবার লা লিগার অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। ৫৭ মিনিটে দিয়েগো লোপেস ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। তিন মিনিট পরই সমতা ফেরান তাকেফুসা কুবো। ভিতোরিয়ায় সংযুক্ত সময়ে ফ্রি-কিক গোল করেন আর্জেন্তিনীয় সেন্টার-ব্যাক ফাকুন্দো তেনালিয়া। প্রমোশন পাওয়া লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে আলাভেস।
আজ, রবিবার অভিযান শুরু করবে আতলেতিকো মাদ্রিদ, ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বনাম ওসাসুনা ম্যাচে শেষ হবে লা লিগার প্রথম রাউন্ড।