গোয়ার্দিওলার সামনে প্রশ্নের পাহাড়। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার লিগে তৃতীয়। এ বার দ্বিতীয় ম্যাচেই এমন বিপর্যয়। এডারসনকে বিক্রি করে ডোনারুম্মাকে আনার গুঞ্জন বাজারে।

ভিক্টর গাইকেরেস
শেষ আপডেট: 24 August 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহে লন্ডনের দুই বড় ক্লাব রীতিমতো ঝড় তুলল। আর্সেনাল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিডসকে ৫-০ গোলে উড়িয়ে দিল। টটেনহ্যাম এতিহাদে ম্যানচেস্টার সিটিকে হারাল ২-০ স্কোরলাইনে। টেবিলের শীর্ষে এখন উত্তর লন্ডনের ‘গানার্স’ আর ‘স্পার্স’। দুই ম্যাচই জয়, শুধু গোলগণনায় এগিয়ে আর্সেনাল।
যদিও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পরেও এমিরেটসে আনন্দের স্রোতে মিশল দুশ্চিন্তার সুর। ৬৬ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবন থেকে আনা ভিক্টর গাইকেরেস প্রথমবার গানারস জার্সিতে জোড়া গোল করলেন ঠিকই। তবু মিকেল আর্তেতার মুখে চওড়া হাসি নেই। কারণ, ম্যাচ চলাকালীন চোট পেলেন বুকায়ো সাকা আর অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ইতিমধ্যে হাঁটুর চোটে বাইরে কাই হাভার্টজ। মাত্র আট দিন বাদে লিভারপুলের মাঠে লড়াই। তার আগে টানা তিন তারকা ছিটকে যাওয়া আর্সেনাল শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে।
কোচ আর্তেতা ম্যাচের পর স্পষ্ট বললেন, ‘গত মরশুম থেকে শিক্ষা নিয়েছি। বুঝেছি, এমন স্কোয়াড চাই, যা গভীর। তাই এত বাজার করতে হয়েছে। একের পর এক চোট—আজ দু’জন গেল, কাই আগেই বাইরে। সবাইকে সেরা ফর্মে প্রয়োজন, সঙ্গে ভাগ্যও!’
গতকাল কিক অফের আগে দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছিল। ৬০ মিলিয়ন পাউন্ডে ক্লাব যোগ দিয়েছেন ইবেরেচি এজ। টটেনহ্যামের আহ্বান উপেক্ষা করে ফিরে এলেন ছেলেবেলার ক্লাবে। যদিও সমস্ত লাইমলাইট একাই শুষে নিলেন গাইকেরেস। ধরা দিলেন আসল রূপে। প্রথমার্ধে গোলের খাতা খুললেন জুরিয়ান টিম্বার। রাইসের দুর্দান্ত কর্নার থেকে হেডে বল জালে। কিছুক্ষণ পরেই ওডেগার্ড পড়ে গিয়ে কাঁধে চোট পান, মাঠ ছাড়তে হয়। তারপরই সাকার জাদু। ডান পায়ে জোরালো শট এবং গোল। উল্লাসে ফেটে পড়ে এমিরেটস।
দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটাই গাইকেরেসের ঝড়। ক্যালাফিওরির লং পাস দৌড়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চটপট শট—তৃতীয় গোল। লিডসের আশা সেখানেই শেষ। ৫৩ মিনিটে সাকা চোট পেয়ে মাঠ ছাড়েন। চতুর্থ গোল আসে ফের একবার কর্নার থেকে, টিম্বার কাছ থেকে বল ঠেলে জালে পাঠান। স্টপেজ টাইমে ইতিহাস গড়লেন এক কিশোর—১৫ বছরের ম্যাক্স ডাউম্যান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে নাম লেখান। নিজের প্রথম ম্যাচেই পেনাল্টি আদায়। সেখান থেকে গাইকেরেসের দ্বিতীয় গোল। আর্সেনালের বড় জয়। কিন্তু চোটের আতঙ্কে আনন্দের আবহেও দুশ্চিন্তার কালো মেঘ!
অন্যদিকে গতকাল আগের কিক অফে ময়দানে ম্যানচেস্টার সিটি। কিন্তু ঘরের মাঠে মরশুমের পয়লা নম্বর ম্যাচে একেবারে ম্লান পেপ গোয়ার্দিওলার টিম। টটেনহ্যামের দাপটে ২-০ গোলে হারের মুখ দেখতে হল আর্লিং হালান্ডদের। ব্রেনান জনসন আর জোয়াও পালিনিয়ার দুই গোলে কার্যত সহজ জয় ছিনিয়ে নিল স্পার্স।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সিটি নুইয়ে পড়ে। ৩৫ মিনিটে রিচার্লিসনের পাস থেকে জনসনের গোল। অফসাইডের সন্দেহে খেলা থেমেছিল, কিন্তু ভিএআর দেখাল—রুবেন দিয়াসের ভুলেই অনসাইড। তার পর গোয়ার্দিওলার ডিফেন্সে আচমকা হুলস্থূল! জেমস ট্রাফোর্ড গোলকিপিংয়ে এমন ভুল করলেন, যা তাঁর ভবিষ্যতই বদলে দিতে পারে। ডিফেন্ডারকে পাস দিতে গিয়ে বল চলে গেল পাপে সাররের পায়ে। ট্রাফোর্ড প্রথমে রিচার্লিসনকে ঠেকালেও রিবাউন্ডে জোরালো শট নিলেন পালিনিয়া। সেখানেই খেল খতম।
হালান্ডের জন্যও দিনটা করুণ। প্রথমার্ধের শেষ মুহূর্তে হেড উড়িয়ে দিলেন, দ্বিতীয়ার্ধে পাস বাড়াতে গিয়ে মিসটাইমিং। সিটি বাকি আধা সুযোগগুলোও হেলায় হারাল। বরং, শেষদিকে স্পার্স গোলের গন্ধ পেয়েছিল। ট্রাফোর্ড রুখলেন সোলাঙ্কে আর ওদোবার্টের শট। যদিও ততক্ষণে ম্যাচ টটেনহ্যামের ঝুলিতে। নতুন কোচ থমাস ফ্রাঙ্কের জন্য স্বপ্নের সূচনা। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন দলের মসনদে, সুপার কাপে পিএসজির সঙ্গে লড়েছেন। এবার লিগে দুই ম্যাচে দুই জয়, একটিও গোল হজম করতে হয়নি!
অন্যদিকে গোয়ার্দিওলার সামনে প্রশ্নের পাহাড়। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার লিগে তৃতীয়। এ বার দ্বিতীয় ম্যাচেই এমন বিপর্যয়। এডারসনকে বিক্রি করে ডোনারুম্মাকে আনার গুঞ্জন বাজারে। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে সেটা কতটা সম্ভব? তার উপর ক্লাব ওয়ার্ল্ড কাপে আল-হিলালের কাছে হারও ভুলতে পারেনি সিটি। ডিফেন্সে অস্থিরতা, গোলকিপার বিতর্ক—পেপের সামনে ধোঁয়াশাই ধোঁয়াশা!