স্বপ্নের দৌড় শেষ হয়েছে সৌদির ক্লাব আল হিলালেরও। ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবকে হারিয়ে ফুটবল-বিশ্বে আলোড়ন তুলেছিল নেইমারের প্রাক্তন ক্লাব। কিন্তু শেষ আটের লড়াইয়ে তারা হেরে গেল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে।

জোতার স্মরণে কান্নায় ভেঙে পড়লেন রুবেন নেভেস ও জোয়াও কানসেলো
শেষ আপডেট: 5 July 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: ফিফা ক্লাব বিশ্বকাপে (Club World Cup) লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপ সেরা হওয়ার পর শেষ ষোলোয় হারিয়েছিল স্বদেশি বোতাফোগোকে। কিন্তু কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারল না ব্রাজিলের পালমেইরাস (Palmeiras)। চেলসির (Chelsea) কাছে হেরে থামল তাদের অভিযান।
পাশাপাশি স্বপ্নের দৌড় শেষ হয়েছে সৌদির ক্লাব আল হিলালেরও (Al Hilal)। ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবকে হারিয়ে ফুটবল-বিশ্বে আলোড়ন তুলেছিল নেইমারের প্রাক্তন ক্লাব। কিন্তু শেষ আটের লড়াইয়ে তারা হেরে গেল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের (Fluminense) কাছে।
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ম্যাচের আগে গাড়ি অ্যাক্সিডেন্টে সদ্য প্রয়াত লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতার স্মৃতিতে নীরবতা পালন করেন। ফুটবলাররাও নেমেছিলেন কালো আর্ম ব্যান্ড পড়ে। মাঠে তুলে ধরা হয় জোতার জার্সিও।
শনিবার সকালে ফিলাডেলফিয়ায় চেলসি পালমেইরাসকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। চেলসিকে ১৬ মিনিটে এগিয়ে দেন ইংল্যান্ড তারকা কোল পালমার। মাঝমাঠ থেকে ট্রেভোহ চালোবাহর পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে এগিয়ে গিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে রিচার্ড রিওসের পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে ব্রাজিলের ক্লাবকে সমতায় ফেরান কয়েকদিন পর চেলসির জার্সি পরতে যাওয়া ১৮ বছর বয়সি এস্তেভাও উইলিয়ান। তবে ম্যাচের শেষ দিকে নিজের জালেই বল জড়িয়ে বসেন পালমেইরাস গোলরক্ষক ওয়েভারটন। আর তাঁর সেই আত্মঘাতী গোলেই ২-১ গোলের ব্যবধানে জিতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ব্লুজরা। সেমিফাইনালে চেলসি প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
শেষ আটের অন্য ম্যাচে ফ্লোরিডায় শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল আল হিলাল। কিন্তু ম্যাচটি তারা হেরে গিয়েছে ১-২ গোলে। আর এই জয়ের মাধ্যমে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্লুমিনেন্স।
এই ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে নেমে আসে শোকের পরিবেশ। সম্প্রতি স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। তাঁদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল-হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর চোখের জল দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মাঠে উপস্থিত সকলে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আল হিলাল। বল পজেশন, শট, সবকিছুতেই এগিয়ে থাকলেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখলেও তা থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি সৌদির ক্লাব।
অন্যদিকে, বল দখলে পিছিয়ে থেকেও সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। বিরতির পর গোল শোধ করেন আল-হিলালের মার্কোস লিওনার্দো। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে ফের লিড নেয় ফ্লুমিনেন্স। এরপর আর গোলের দেখা পায়নি কোনও দলই।